
যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে নানা শঙ্কা ছিল। তবে সব শঙ্কার মেঘ উড়িয়ে অবশেষে দলটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে। আর সেই ফুটবল দলকে ইরানিরা যেন রীতিমতো জাতীয় উৎসবে পরিণত করা এক মিছিলের মাধ্যমে শুভেচ্ছা ও বিদায় জানাল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রগামী জাতীয় ফুটবল দলের জন্য বিদায়ী সমাবেশ আয়োজন করে ইরান। গতকাল রাজধানী তেহরানের এঙ্গেলাব স্কোয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির হন লাখো সমর্থক। মঞ্চে উঠে দেশাত্মবোধক বক্তব্য দেন ফুটবলাররা। উপস্থিত জনতা উচ্ছ্বাসে তাঁদের অভিনন্দিত করেন।
অনুষ্ঠানে ২০২৬ বিশ্বকাপের জন্য ইরানের নতুন জার্সিও উন্মোচন করা হয়। এরপর দলটি প্রস্তুতি ক্যাম্প চালিয়ে যেতে তুরস্কে যাবে। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই সবচেয়ে বড় বিদায়ী আয়োজন। খেলোয়াড়েরা জনগণের সঙ্গে আছে, আর জনগণ দেশের মর্যাদা, সম্মান ও শক্তির পাশে দাঁড়িয়ে আছে। ফল যা-ই হোক, সেখানে যেন ইরানের পতাকা ওড়তে পারে এবং সেটিকে রক্ষা করা যায়।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর শুরু হওয়া আঞ্চলিক যুদ্ধের জেরে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েই প্রশ্ন দেখা দেয়। মেহদি তাজের নেতৃত্বে ইরানের ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধিদল কানাডার টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফিরে আসতে বাধ্য হয়। তাঁদের অভিযোগ, বৈধ ভিসা থাকা সত্ত্বেও কানাডার অভিবাসন কর্মকর্তারা তাঁদের সঙ্গে ‘অগ্রহণযোগ্য আচরণ’ করেছেন। ফলে তাঁরা ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত বিশ্বকাপ-পূর্ব ফিফার সমাবেশে অংশ নিতে পারেনি।
এর আগে ২০২৪ সালে কানাডা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। কানাডা সরকারের বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়, আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে মেহদি তাজকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনার পর আশঙ্কা তৈরি হয়, ইরানি প্রতিনিধিদলের কিছু সদস্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়েও সমস্যায় পড়তে পারেন।
কানাডার মতো যুক্তরাষ্ট্রেও আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
ইরান এখন খেলোয়াড় ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত করার দায়িত্ব পুরোপুরি ফিফার ওপর ছেড়ে দিয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে টিম মেল্লির তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়েত মোমবেইনি বিদায়ী সমাবেশে বলেন, ‘ভিসা নিয়ে এখনো কিছু আমাদের সামনে আসেনি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টির সমাধান হবে।’ তিনি বলেন, ‘ফিফা আশ্বাস দিয়েছে। আশা করি, সেই আশ্বাস বাস্তব ফল বয়ে আনবে এবং খেলোয়াড়েরা সময়মতো ভিসা পাবে।’
২৯ মে তুরস্কের আনতালিয়ায় বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান ও গাম্বিয়া। মোমবেইনি জানান, তুরস্কের প্রস্তুতি ক্যাম্পে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রক্রিয়াও চলছে।

পাকিস্তানে মানব প্লাসেন্টা (গর্ভফুল) পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল থেকে সংগ্রহ করা মানব প্লাসেন্টা বিদেশে পাচার করে সেগুলো দিয়ে কথিত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন তৈরির
২ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের মাছ ধরার ঘাটে আবারও ব্যস্ততা ফিরতে শুরু করেছে। জেলেরা সাগর থেকে ধরা মাছ নামাচ্ছেন, কেউ জালে আটকে পড়া ছোট হাঙর দেখিয়ে স্থানীয় খাবার ‘শার্ক স্যান্ডউইচ’-এর কথা বলছেন।
৩ ঘণ্টা আগে
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর মৃত্যুর চার মাসের বেশি সময় পর। ইসলামি রীতিতে মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফনের প্রচলন থাকলেও খামেনির ক্ষেত্রে এই দীর্ঘ বিলম্ব বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের জন্য টোল আদায়ের বিষয়ে ইরানের অনড় অবস্থান থেকে বের হওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ও ওমান। এ লক্ষ্যেই পরোক্ষ আলোচনায় ওয়াশিংটনের প্রধান প্রস্তাব ছিল, বিদেশে জব্দ ইরানের প্রায় ১০০ বিলিয়ন ডলারের তহবিলের একটি অংশ অবমুক্ত করা হবে।
৫ ঘণ্টা আগে