
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে প্রায় ৯৪ কোটি টাকার সোনা আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক এক বিক্রয়কর্মীকে (সেলসম্যান) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনের সড়ক থেকে গত সোমবার দুপুরে কৃষ্ণ বসাক ওরফে স্বপন বশাক (৪৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিআইডি।
সিআইডি জানায়, গ্রেপ্তার কৃষ্ণ বসাক মানিকগঞ্জের দৌলতপুরের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং ওই জুয়েলারি প্রতিষ্ঠানের সেলসম্যান ছিলেন। আত্মসাৎ করা অর্থে তিনি নিজেই একটি জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক হন, পাশাপাশি ফ্ল্যাট, গাড়ি ও পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারীর যোগসাজশে ৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণ আত্মসাৎ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির একাধিক জুয়েলারি দোকান রয়েছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে স্টক যাচাইয়ে মোট ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালংকারের ঘাটতি ধরা পড়ে। তদন্তে সিআইডি জানতে পারে, কৃষ্ণ বসাক দায়িত্বে থাকাকালে অন্য সহযোগীদের সঙ্গে যোগসাজশ করে বিপুল পরিমাণ স্বর্ণ আত্মসাৎ করেন।
সিআইডির দাবি, মাসে আনুমানিক ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করলেও কৃষ্ণ বসাকের বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, তিনি একটি জুয়েলারি প্রতিষ্ঠানে প্রায় ৩৩ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এ ছাড়া ৪৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট ও কার পার্কিং, পুঁজিবাজারে ১৬ লাখ ৭৮ হাজার ২৯৩ টাকার শেয়ার এবং আয়কর নথিতে ৫০ ভরি স্বর্ণের তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সম্পদ আত্মসাৎ করা স্বর্ণের অর্থেই গড়েছেন তিনি।
এ ছাড়া কৃষ্ণ বসাকের ব্যাংক হিসাব পর্যালোচনায় অস্বাভাবিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। আত্মসাৎ করা স্বর্ণ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তাঁকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে একই মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

‘আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে’- সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলায় হাজিরা দিতে এসে সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল লতিফ সিদ্দিকী এ কথা বলেছেন। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানির এক পর্যায়ে তিনি এ কথা বলেন।
১৬ মিনিট আগে
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া, গাজিরভিটা ও হালুয়াঘাট সদর ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ভূবনকুড়া ও গাজিরভিটা ইউনিয়নের দুটি নদীর বাঁধ ভেঙে গেলে দ্রুত পানি ঢুকে পড়ে লোকালয়ে। এতে পানির নিচে তলিয়ে যায় পাকা বোরো ধান।
২১ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ পরিবারের ২০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আজ বুধবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
৩৪ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী ফাতিহা নামের এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে। বিষয়টি স্বীকারও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেছে, ভুলবশত এমনটি হয়েছে। তবে এতে শিশুটির কোনো ক্ষতির আশঙ্কা নেই।
১ ঘণ্টা আগে