
যুক্তরাষ্ট্রের একটি গোপন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মুখেও ইরান অন্তত তিন থেকে চার মাস টিকে থাকতে পারবে। এরপরই কেবল দেশটি আরও গভীর অর্থনৈতিক সংকটে পড়বে। গতকাল বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। বিষয়টি সম্পর্কে অবগত চারজন ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স কমিউনিটি এই বিশ্লেষণ প্রস্তুত করে চলতি সপ্তাহে প্রশাসনের কর্মকর্তাদের কাছে জমা দিয়েছে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশাবাদী বক্তব্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ট্রাম্প বলেছিলেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ অত্যন্ত কার্যকর।
প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সামরিক অবকাঠামো ও অস্ত্র স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হলেও ইরান এখনো উল্লেখযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য, যুদ্ধ শুরুর আগের তুলনায় ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযানের প্রায় ৭৫ শতাংশ এখনো অক্ষত। একইভাবে যুদ্ধপূর্ব ক্ষেপণাস্ত্র মজুতের প্রায় ৭০ শতাংশ তাদের হাতে রয়ে গেছে।
ওই কর্মকর্তা আরও বলেন, এমন প্রমাণ পাওয়া গেছে যে ইরানের সরকার প্রায় সব ভূগর্ভস্থ সংরক্ষণাগার পুনরুদ্ধার ও পুনরায় চালু করতে সক্ষম হয়েছে। তারা কিছু ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র মেরামত করেছে এবং যুদ্ধ শুরু হওয়ার সময় প্রায় প্রস্তুত অবস্থায় থাকা কিছু নতুন ক্ষেপণাস্ত্রও জোড়া লাগিয়েছে।
তবে বুধবার ট্রাম্প ভিন্ন ধরনের আশাবাদী মূল্যায়ন দেন। তিনি বলেন, ‘তাদের (ইরানের) ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। সম্ভবত তাদের হাতে এখন ১৮ থেকে ১৯ শতাংশ অবশিষ্ট আছে। আগের তুলনায় সেটা খুব বেশি নয়।’
দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তিন বর্তমান মার্কিন কর্মকর্তা ও এক সাবেক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে গোয়েন্দা মূল্যায়নের গুরুত্বপূর্ণ অংশগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টির সংবেদনশীলতার কারণে তাঁরা নাম প্রকাশ করতে চাননি।
পত্রিকাটিকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন, এই অবরোধ ইরানের অর্থনীতি ও সামরিক বাহিনীর ওপর বাস্তব ও ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের অবরোধ বাস্তব ও ধারাবাহিক ক্ষতি করছে। এটি বাণিজ্য বিচ্ছিন্ন করছে, রাজস্ব গুঁড়িয়ে দিচ্ছে এবং পদ্ধতিগত অর্থনৈতিক পতনকে ত্বরান্বিত করছে। ইরানের সামরিক বাহিনী মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে, তাদের নৌবাহিনী ধ্বংস হয়েছে এবং নেতারা আত্মগোপনে রয়েছেন।’
ওই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, ‘এখন অবশিষ্ট আছে শুধু জনগণের দুর্ভোগ দীর্ঘায়িত করার জন্য শাসকগোষ্ঠীর আগ্রহ। নিজেদের জনগণকে অনাহারের দিকে ঠেলে দিয়ে তারা এমন একটি যুদ্ধ টিকিয়ে রাখতে চাইছে, যে যুদ্ধে তারা ইতিমধ্যে হেরে গেছে।’
প্রতিবেদনে উদ্ধৃত আরেক মার্কিন কর্মকর্তা বলেন, সিআইএর মূল্যায়নের চেয়েও দীর্ঘ সময় ধরে ইরান নিষেধাজ্ঞা ও সামরিক চাপ সহ্য করতে সক্ষম হতে পারে। তিনি বলেন, ‘ইরানের নেতৃত্ব আরও কট্টর, দৃঢ়প্রতিজ্ঞ এবং ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে যে তারা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সদিচ্ছার চেয়ে বেশি সময় টিকে থাকতে পারবে। একই সঙ্গে তারা অভ্যন্তরীণ দমনপীড়নের মাধ্যমে যেকোনো প্রতিরোধ নিয়ন্ত্রণে রাখতে পারবে।’ তিনি আরও বলেন, ‘তুলনামূলকভাবে দেখলে দেখা যায়, একই ধরনের শাসনব্যবস্থা দীর্ঘমেয়াদি অবরোধ ও শুধু বিমান শক্তিনির্ভর যুদ্ধের মধ্যেও বছরের পর বছর টিকে থেকেছে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালি। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় স্থায়ী সমঝোতা হয়নি। পরে ট্রাম্প নির্দিষ্ট কোনো সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান।
এরপর ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানের সামুদ্রিক চলাচল লক্ষ্য করে নৌ অবরোধ কার্যকর করে। মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের ‘নৌ স্বাধীনতা’ পুনঃপ্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সাময়িকভাবে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করবে। তবে তিনি বলেন, আমেরিকার অবরোধ ‘পূর্ণ শক্তিতে বহাল থাকবে।’

রাজনৈতিক সৌজন্য বজায় রাখতে বিরোধী শিবিরের প্রবীণ রাজনীতিবিদ ও বামফ্রন্ট (মার্ক্সবাদী) চেয়ারম্যান বিমান বসুকে আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশি প্রথা অনুযায়ী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের প্রতিনিধিদেরও এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে বলে সূত্র জানিয়েছে।
৩১ মিনিট আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে বিজেপি নেতা ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারীর জায়গা এখন প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। গত মাসের তীব্র নির্বাচনী লড়াইয়ের পর তিনি এখন অপেক্ষা করছেন নিজের রাজনৈতিক গুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হওয়ার জন্য।
২ ঘণ্টা আগে
চীন ও অতিরিক্ত উৎপাদন সক্ষমতাসম্পন্ন অন্যান্য দেশ থেকে ক্রমবর্ধমান রপ্তানি ঠেকাতে আরও উচ্চ শুল্ক আরোপ করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্পখাতগুলো। অন্যদিকে আমদানিনির্ভর ব্যবসা ও কৃষিখাতের সংগঠনগুলো নতুন বাণিজ্যিক বিধিনিষেধে আরও সতর্ক অবস্থান নেওয়ার...
৬ ঘণ্টা আগে
শান্তি আলোচনার এই সংকটময় মুহূর্তে খলিল আল-হাইয়ার ছেলের মৃত্যু গাজা উপত্যকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে, যা মার্কিন মধ্যস্থতায় চলমান শান্তি প্রক্রিয়াকে আরও অনিশ্চিত করে তুলল।
৭ ঘণ্টা আগে