Ajker Patrika

পরমাণু নীতি বদলে অস্ত্র তৈরি করুক ইরান, চায় না চীন-রাশিয়া

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৫: ১২
পরমাণু নীতি বদলে অস্ত্র তৈরি করুক ইরান, চায় না চীন-রাশিয়া
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি: সংগৃহীত

পরমাণু নীতিতে পরিবর্তন এনে ইরানের পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাওয়ার বিরোধিতা করছে চীন ও রাশিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী অবস্থানে রয়েছে দেশ দুটি। তবে ইরানের অভ্যন্তরে বিশেষ করে কট্টরপন্থী রাজনৈতিক মহলে এ নীতি পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম আল আরব আল–জাদিদের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গতকাল শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরান ডেইলি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিষয়টি ‘ব্যাপক ও গুরুত্বপূর্ণ’। এ নিয়ে দেশটির অভ্যন্তরে যেমন সমর্থক রয়েছেন, তেমনি বিরোধিতাকারীও রয়েছেন। তিনি বলেন, ‘রাশিয়া ও চীনও ইরানের পরমাণু নীতিতে পরিবর্তনের বিরোধী।’ উল্লেখ্য, দেশ দুটির সঙ্গে ইরানের কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে।

আরাগচি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত আমাদের পরমাণু নীতিতে কোনো পরিবর্তন আসেনি। এ বিষয়ে আমাদের সরকারি অবস্থানও আগের মতোই রয়েছে।’

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের রাজনৈতিক মহলে পরমাণু নীতি পরিবর্তনের বিতর্ক নতুন করে সামনে এসেছে। বিশেষ করে দেশটির কট্টরপন্থীরা এ নীতি পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। ওই যুদ্ধে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালানো হয়েছিল।

পরমাণু নীতি পরিবর্তনের পক্ষে থাকা ব্যক্তিদের যুক্তি, এ পরিবর্তনের ফলে ইরানের জন্য পরমাণু অস্ত্র তৈরির পথ খুলে যাবে। তাদের মতে, পরমাণু অস্ত্র শত্রুপক্ষের সম্ভাব্য হামলা ঠেকাতে ইরানের জন্য প্রতিরোধমূলক শক্তি হিসেবে কাজ করতে পারে।

এদিকে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া বন্ধ রেখেছে তেহরান। ইরানের অভিযোগ, দেশটির পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। গত সপ্তাহে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ ইরানকে গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের ফিরতে দেওয়ার জন্য ‘ধাপে ধাপে পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানায়। সংস্থাটি বলেছে, এসব স্থাপনায় প্রবেশের সুযোগ পাওয়া ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

অন্যদিকে ইরানি কর্মকর্তারা এখনো দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা একটি ধর্মীয় ফতোয়ার কথা উল্লেখ করছেন। ওই ফতোয়ায় পরমাণু অস্ত্রসহ গণবিধ্বংসী অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়েছিল। এ বিষয়ে আরাগচি বলেন, ‘কেউ কেউ মনে করেন, দেশের পরমাণু নীতি বর্তমান অবস্থায় বজায় রাখা উচিত। আবার অন্যরা মনে করেন, এ নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন। দুই পক্ষেরই নিজস্ব যুক্তি ও ব্যাখ্যা রয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি মধ্য তেহরানে নিজের বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যজুড়ে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে মার্চে দায়িত্ব পাওয়ার পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। বাবার জারি করা পরমাণু অস্ত্রবিরোধী ফতোয়া বাতিল করে এখন পর্যন্ত কোনো নতুন নির্দেশনাও দেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত