এই গোলযোগেও কী মনে করে সাঁতরে হরমুজ পাড়ি দিলেন এক ব্রিটিশ

জাহাজ তো বটেই, সংঘাতের কারণে সারা পৃথিবীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকা হরমুজ প্রণালিতে এখন সম্ভবত মাছও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। অথচ বিপদসংকুল এই নীল জলরাশিতেই নেমে পড়লেন এক ব্রিটিশ। শুধু তা-ই নয়, প্রায় ১৫ কিলোমিটার সাঁতার কেটে তিনি পাড়ি দিয়েছেন প্রণালিও।
বিবিসি জানিয়েছে, ইরানকে ঘিরে চলমান সংঘাতের পরিবেশগত ক্ষতির দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতেই তিন দিন ধরে সাঁতরে হরমুজ প্রণালি অতিক্রম করেছেন ব্রিটিশ দীর্ঘ পাল্লার সাঁতারু লুইস পিউ। মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে সংঘাত শুরুর পর দীর্ঘ পাল্লার সাঁতারের এটাই প্রথম কোনো উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘের সমুদ্রবিষয়ক শুভেচ্ছাদূত (প্যাট্রন অব দ্য ওশানস) ৫৬ বছর বয়সী পিউ যুক্তরাজ্যের ডেভন অঞ্চলের প্লাইমাউথে জন্মগ্রহণ করেন। তিনি বলেন, যুদ্ধে মানুষের ভয়াবহ দুর্ভোগ হয়। তবে প্রকৃতিও এর আরেকটি শিকার, যার ক্ষয়ক্ষতি যথেষ্ট গুরুত্ব পায় না। সংঘাত বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতি মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
লুইস পিউ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সাঁতারের প্রথম দিন তাঁর কাছ থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তু আঘাত হানে। দ্বিতীয় দিন তিনি একটি পাহাড়ি ভূখণ্ডের ওপরে আগুনের শিখা দেখতে পান। এর ওপারে তখন আগুনে জ্বলছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী জাহাজ ‘তারা গ্যাস’। পরে জাহাজটির কাছ দিয়েই সাঁতরে যান তিনি।

পিউ বলেন, জাহাজে থাকা নাবিকদের নিরাপত্তা নিয়েই প্রথমে তাঁর উদ্বেগ তৈরি হয়। জাহাজটিতে বিপুল পরিমাণ দাহ্য গ্যাস ছিল। এ ধরনের জাহাজে হামলার পরিণতি নাবিকদের পাশাপাশি আশপাশের সামুদ্রিক পরিবেশের জন্যও ভয়াবহ হতে পারে।
তিনি আরও বলেন, যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হলেও প্রকৃতির ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব প্রায়ই আড়ালে থেকে যায়। যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরও পরিবেশগত ক্ষতির প্রভাব থাকতে পারে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথ। একই সঙ্গে এটি ডুগং, সামুদ্রিক কচ্ছপ ও তিমি হাঙরের আবাসস্থল। পিউর আশঙ্কা, তেল ছড়িয়ে পড়া ও অন্যান্য দূষণের কারণে প্রবালপ্রাচীর, সামুদ্রিক ঘাসের বন এবং ম্যানগ্রোভ অরণ্যের অপূরণীয় ক্ষতি হতে পারে।









