Ajker Patrika

ফের ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’র কথা জানাল পাকিস্তান

আজকের পত্রিকা ডেস্ক­
ফের ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’র কথা জানাল পাকিস্তান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ছবি: আনাদোলু

ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অচল সরাসরি সংলাপ আবারও শুরু করার উদ্যোগে নতুন আশার আলো দেখছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরের পর ইসলামাবাদ জানিয়েছে, সংঘাত বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আলোচনার পথ তৈরি করতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা আঞ্চলিক শান্তির নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরাসরি আলোচনা আবার শুরু করতে পাকিস্তানের নতুন উদ্যোগের মধ্যে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরের পর ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান। তিনি আসিম মুনিরের সঙ্গে তেহরান সফরে ছিলেন। নকভি বলেন, ‘ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং আমি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক করেছি।’

তিনি আরও বলেন, ‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং বৈঠকটি অত্যন্ত ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে। আমরা আশাবাদী, এই গতি অঞ্চলটিতে আরও অগ্রগতি ও দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করতে সহায়তা করবে।’ তবে কী ধরনের অগ্রগতি হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

নকভি জানান, বৈঠকে মূলত ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, সামনে এগিয়ে যাওয়ার পথ এবং উভয় পক্ষের কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে ইসলামাবাদ সমঝোতা স্মারক পুনর্বহাল করা এবং শেষ পর্যন্ত সংঘাতের একটি পূর্ণাঙ্গ সমাধানে পৌঁছানোর বিষয়ও আলোচনায় ছিল। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাঁর সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগগুলো ‘খোলাখুলিভাবে’ তুলে ধরেছেন। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে ‘অত্যন্ত গঠনমূলক মতবিনিময়’ হয়েছে বলেও জানান তিনি।

এক দিনের সফর শেষে আসিম মুনির পাকিস্তানে ফিরে গেছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তেহরানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক বাগের গালিবাফ, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহসেন রেজায়ি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন।

বিবৃতিতে বলা হয়, বৈঠকগুলোতে সংঘাতের আরও বিস্তার ঠেকানোর উপায়, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সংঘাত দ্রুত শেষ করার পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া আঞ্চলিক শান্তি এবং বিরোধপূর্ণ বিষয়গুলোর একটি আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর উপায় নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেছে।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের নেতৃত্ব পাকিস্তানের ‘গঠনমূলক’ ভূমিকা এবং সংলাপ, উত্তেজনা কমানো ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ইসলামাবাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। সেই আলোচনা আবার শুরু করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে পাকিস্তান যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, আসিম মুনিরের তেহরান সফরকে তারই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত