Ajker Patrika

হরমুজ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইরানের, দিবাস্বপ্ন বলছে আমিরাত

আজকের পত্রিকা ডেস্ক­
হরমুজ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইরানের, দিবাস্বপ্ন বলছে আমিরাত
ছবি: বিবিসি

বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌ-রুট হরমুজ প্রণালির ওপর নিজেদের সামরিক ও সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছে ইরান। এই সমুদ্রপথের একটি বিশাল এলাকাজুড়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে তেহরান, যা প্রতিবেশী ওমান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জলসীমা পর্যন্ত বিস্তৃত। তবে আরব আমিরাত ইরানের এই দাবিকে উড়িয়ে দিয়ে একে ‘দিবাস্বপ্ন’ বলে অভিহিত করেছে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের নবগঠিত পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। ওই মানচিত্রে হরমুজ প্রণালি ও এর আশপাশের ২২ হাজার বর্গকিলোমিটারের বেশি (৮,৮০০ বর্গমাইল) সামুদ্রিক এলাকাকে ‘ইরানি সশস্ত্র বাহিনীর ওভারসাইট’ বা সামরিক নজরদারির আওতাভুক্ত এলাকা হিসেবে দাবি করা হয়েছে।

ইরান জানিয়েছে, এখন থেকে এই প্রণালি বা চোকপয়েন্ট দিয়ে যেকোনো ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ পারাপারের জন্য পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটির অনুমতি ও সমন্বয় বাধ্যতামূলক। তবে যুক্তরাষ্ট্র ও তার পারস্য উপসাগরীয় মিত্ররা ইরানের এই দাবিকে শুরুতেই প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে ওই রুটে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোকে ইরানের নতুন নিয়ম না মানার নির্দেশ দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ইরানের এই আগ্রাসী দাবির তীব্র সমালোচনা করেছে। দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ এক বিবৃতিতে বলেছেন, ‘ইরান তাদের পরাজয়ের গ্লানি ঢাকতে এবং যুদ্ধক্ষেত্রে তৈরি হওয়া নতুন বাস্তবতাকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য এই অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার বা আরব আমিরাতের সামুদ্রিক সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।’

জাতিসংঘের কনভেনশন অন দ্য ল অব দ্য সি (ইউএনসিএলওএস) অনুযায়ী, আন্তর্জাতিক জলসীমায় যেকোনো দেশের নিরাপদ ও মুক্তভাবে জাহাজ চলাচলের আইনি অধিকার রয়েছে। কিন্তু ইরান এখন পর্যন্ত জাতিসংঘের এই কনভেনশন বা চুক্তিটি অনুস্বাক্ষর করেনি।

এদিকে চলতি সপ্তাহে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে ‘শাস্তিমূলক’ ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করেছে। বিবিসি ভেরিফাই জানিয়েছে, ভিডিওর জাহাজটির সঙ্গে লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকার ‘বারাকাহ’-এর মিল রয়েছে। এটি চলতি মে মাসের শুরুতে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল।

হরমুজ প্রণালি নিয়ে যখন এই উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই গতকাল বুধবার ওমান উপসাগরে ইরানগামী একটি তেলবাহী ট্যাংকারে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে নাটকীয় অভিযান চালিয়েছে মার্কিন মেরিন সেনারা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি গত ১৩ এপ্রিল থেকে কার্যকর হওয়া ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ লঙ্ঘন করার চেষ্টা করছিল।

সেন্টকমের প্রকাশিত ফুটেজে দেখা যায়, ওমান উপসাগরে ‘সেলেস্টিয়াল সি’ নামের ওই লাইবেরিয়ান ট্যাংকারটিতে মার্কিন সেনারা হেলিকপ্টার থেকে নেমে তল্লাশি চালাচ্ছে। সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, মার্কিন বাহিনী জাহাজটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানোর পর সেটির গতিপথ পরিবর্তন করার নির্দেশ দিয়ে ছেড়ে দেয়। মেরিন ট্রাফিকের লাইভ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, জাহাজটি এখন ওমানের ডুকম বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

সেন্টকম আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ এপ্রিল ব্লকেড চালুর পর থেকে এ পর্যন্ত তারা ৯৪টি বাণিজ্যিক জাহাজের রুট পরিবর্তন করিয়েছে এবং ৪টি জাহাজকে সম্পূর্ণ অচল বা বিকল করে দিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি ইরানে বড় ধরনের বিমান হামলা সাময়িকভাবে স্থগিত রেখেছেন। কারণ, এই মুহূর্তে দুই পক্ষের মধ্যে পর্দার আড়ালে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চলছে।

মার্কিন-ইরান যুদ্ধ অবসানের এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আজ ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জেনারেল মুনির মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইরানের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে মধ্যস্থতা বৈঠক করছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানকে কড়া আলটিমেটাম দিয়ে বলেছেন, ‘বিশ্বাস করুন, যদি আমরা সঠিক জবাব না পাই, তবে শিগগিরই আবার যুদ্ধ শুরু হবে। আমাদের বাহিনী যেকোনো মুহূর্তে আঘাত হানতে সম্পূর্ণ প্রস্তুত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খরচাপাতি দিলে হালকাপাতলা করুম: আসামিকে দারোগা

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য, ‘আগুন ধরে গিয়েছিল’ নেতানিয়াহুর মাথায়

বেসরকারি খাত: সুরক্ষিত হচ্ছে চাকরি-সুবিধা

স্থানীয় সরকার নির্বাচন: প্রস্তুতি নিচ্ছে ইসি, তৈরি হচ্ছে বিধিমালা, বাড়ছে জামানত

আজ থেকেই ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত