
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস গাজার জন্য তাদের পুনরুদ্ধার পরিকল্পনা ব্যাপকভাবে কমিয়ে এনেছে। পুরো গাজা পুনর্গঠনের পরিকল্পনার পরিবর্তে এখন তারা ফিলিস্তিনি প্রশাসন, পুলিশ এবং একটি ছোট আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে বহনযোগ্য কেবিন দিয়ে গঠিত একটি অস্থায়ী শিবির নির্মাণের পরিকল্পনা করছে।
গত বৃহস্পতিবার প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলক বা পাইলট এই প্রকল্পটি রাফাহর কাছে যুদ্ধবিরতির রেখা-সংলগ্ন তথাকথিত বাফার জোনে স্থাপন করা হবে। এই পরিকল্পনার নকশায় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার জানুয়ারিতে উপস্থাপিত ফ্রি মার্কেট গাজা স্লাইডশোর খুব সামান্যই প্রতিফলিত হয়েছে। সেই উপস্থাপনায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ১০০ দিনের মধ্যে গাজায় মৌলিক অবকাঠামো গড়ে তোলা হবে।
এ ছাড়া, ২০২৫ সালের গাজা শান্তি পরিকল্পনার আওতায় জাতিসংঘের ম্যান্ডেটপ্রাপ্ত বহুজাতিক শান্তিরক্ষা বাহিনী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) গঠনের কথাও ছিল। একইসঙ্গে, এই বাহিনীর মাধ্যমে এই প্রকল্পের নির্মাণকাজ বা প্রস্তুতিমূলক কার্যক্রম শুরুর কথা থাকলেও তা হয়নি।
এদিকে, ইসরায়েল ও গাজার মধ্যবর্তী কেরেম শালোম সীমান্ত ক্রসিংয়ে আইএসএফ-এর একটি লজিস্টিক ঘাঁটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বাহিনীটির সদস্যদের মিশরে প্রশিক্ষণ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে মরক্কো, কসোভো এবং সম্ভাব্যভাবে আলবেনিয়া ও কাজাখস্তানের সেনারা অংশ নেবে। তবে তাদের প্রশিক্ষণে কয়েক মাস সময় লাগবে এবং ইসরায়েল সরকারের সঙ্গে তাদের উপস্থিতির আইনি কাঠামো নিয়ে আলোচনা এখনো চলমান।
দুই সপ্তাহ আগে সাইপ্রাসে বোর্ড অব পিস, ট্রাম্প প্রশাসন, টনি ব্লেয়ার ইনস্টিটিউট এবং গাজার প্রশাসনের জন্য জাতীয় কমিটির সদস্যরা যৌথভাবে এই পাইলট প্রকল্পটি প্রণয়ন করেন। পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতির রেখা থেকে সরে যাবে এবং শিবিরটির তত্ত্বাবধান করবে আইএসএফ ও বিশেষভাবে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী।
তবে এই পাইলট প্রকল্পের অর্থায়নের তহবিল কার্যত শূন্য, অথবা এর বর্তমান অবস্থা অজানা। ট্রাম্পের গাজার জন্য ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার জন্য প্রতিশ্রুত ১৭ বিলিয়ন ডলারের খুব সামান্য অংশই এখন পর্যন্ত বাস্তবে পাওয়া গেছে। বোর্ড অব পিস বর্তমানে ফিলিস্তিনের কর রাজস্বের প্রায় ১১ বিলিয়ন ডলার এবং ইসরায়েলের জব্দ ও আটকে রাখা ব্যাংক সম্পদের একটি অংশে প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করছে। এ উদ্যোগে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় ইসরায়েলের নির্বাচনের আগে নির্মাণকাজ খুব সীমিত থাকতে পারে। এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট সরকার ক্ষমতাচ্যুত হতে পারে। ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনে নেতানিয়াহু জিতুন বা হারুন, গাজায় চলমান গণহত্যা আরও তীব্র হওয়া অবশ্যম্ভাবী। কারণ, হামাস এখনো নিরস্ত্র হয়নি। যদিও হামাস বারবার বলেছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তারা অস্ত্র সমর্পণে রাজি এবং গত সপ্তাহান্তে কায়রোতে অনুষ্ঠিত আলোচনাতেও তারা অংশ নিয়েছিল।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার জবাবে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। শীর্ষস্থানীয় গণহত্যা-বিষয়ক গবেষক, মানবাধিকার বিশেষজ্ঞ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার শামিল। দক্ষিণ আফ্রিকা গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
একই আদালত ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে সংঘটিত হামলায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে হামাসের নেতাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। পরবর্তীতে তারা ইসরায়েলের অভিযানে নিহত হন।
বোর্ড অব পিসের কায়রো বৈঠকে হামাসকে কীভাবে নিরস্ত্র করা যায়, আত্মসমর্পণ করা অস্ত্র কোন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে, সেগুলো কোথায় সংরক্ষণ করা হবে এবং অ্যাসল্ট রাইফেলকে অস্ত্রের আওতায় গণ্য করা হবে কি না, তা নিয়ে আলোচনা হয়।
কায়রো থেকে পাওয়া প্রতিবেদনগুলো বলছে, ইসরায়েল যতদিন গাজায় বিমান হামলা চালিয়ে যাবে, ততদিন হামাসের নিরস্ত্রীকরণের সম্ভাবনা খুবই ক্ষীণ। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, সাইপ্রাসের বৈঠক সম্পর্কে অবগত এক কর্মকর্তা জানান, গাজার প্রশাসনের জন্য জাতীয় কমিটি রাফাহভিত্তিক এই পাইলট প্রকল্প নিয়ে বিভক্ত ছিল। কমিটির আশঙ্কা ছিল, এই প্রকল্পটি গাজার ২১ লাখ ফিলিস্তিনির মধ্যে বিভাজন সৃষ্টি করবে এবং অধিকাংশ মানুষকে মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে নিম্ন অগ্রাধিকারপ্রাপ্ত স্তরে ঠেলে দেবে।

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার মুখে ইরান পাল্টা আঘাত হানছে ঠিকই, কিন্তু তাদের হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মতো প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে। মার্কিন নৌ-বহর বা ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা না চালিয়ে কেন ইরান এই কৌশলী পথ বেছে নিয়েছে...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত ভয়াবহ ও অনিশ্চিত মোড় নিয়েছে। আজ সোমবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে, তারা সৌদি আরবের ওপর একটি নৌ অবরোধ আরোপ করছে। হুতিদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতকে নতুন এক মাত্রায় নিয়ে গেছে...
৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনি সশস্ত্র ও রাজনৈতিক সংগঠন হামাস তাদের নতুন রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে খলিল আল-হাইয়াকে নির্বাচিত করেছে। চলমান যুদ্ধের মধ্যেই অনুষ্ঠিত অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে তিনি সংগঠনের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বে আসীন হন।
৭ ঘণ্টা আগে
স্পেনের বিশ্বকাপ জয়ের উদ্যাপন মর্মান্তিক দুর্ঘটনায় পরিণত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সালামাঙ্কা প্রদেশে বিজয় উদ্যাপনের সময় একটি ফোয়ারার অংশ ধসে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
৮ ঘণ্টা আগে