Ajker Patrika

মিনাবের হামলার নির্দেশদাতা মার্কিন কর্মকর্তাদের ইরানের হুমকি—‘তোমাদের খুঁজে বের করা হবে’

আজকের পত্রিকা ডেস্ক­
মিনাবের হামলার নির্দেশদাতা মার্কিন কর্মকর্তাদের ইরানের হুমকি—‘তোমাদের খুঁজে বের করা হবে’
মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডার লেই আর টেট এবং নির্বাহী কর্মকর্তা জেফরি ই ইয়র্ক। ছবি: এক্স

মিনাবের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ১৬৮ শিশুকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে খুঁজে বের করার হুমকি দিয়েছে ইরান। ‘আমরা তোমাদের খুঁজে বের করব’—সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এমন বার্তা দিয়েছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস। আট মাস পুরোনো একটি পোস্ট পুনরায় শেয়ার করে এই হুমকি দেওয়া হয়। ওই পোস্টে দুই মার্কিন কর্মকর্তাকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করেছিল ইরান।

যে দুই কর্মকর্তাকে লক্ষ্য করে এই হুমকি দেওয়া হয়েছে, তাঁরা হলেন ইউএসএস স্প্রুয়েন্স যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক।

গত ২৯ মার্চ প্রকাশিত পোস্টে ইরানি দূতাবাস লিখেছিল, ‘এই দুই অপরাধীর কথা মনে রাখুন। ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডার লেই আর টেট এবং নির্বাহী কর্মকর্তা জেফরি ই ইয়র্ক। তাঁরাই তিন দফায় টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন, যার ফলে মিনাবের একটি স্কুলে ১৬৮ নিরপরাধ শিশুর মৃত্যু হয়।’

পোস্টে আরও বলা হয়েছিল, ‘তাঁদের কি নিজেদের সন্তান নেই?’ এভাবেই শিশুদের হত্যার জন্য প্রকাশ্যে ওই দুই মার্কিন কর্মকর্তাকে দায়ী করে ইরান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর হামলা না চালানোর বিষয়ে সতর্ক করার এক দিন পর ইরানের এই হুমকি সামনে এল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যা করা হলে ইরান ‘আর বেশিদিন টিকে থাকতে পারবে না’।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর সময় মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ স্কুলে অন্তত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ১৫৬ জন নিহত হন, যাঁদের মধ্যে ১২৩ জনই শিশু।

এদিকে তেহরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে, এমন ধারাবাহিক মৃত্যুর হুমকির পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটন এলাকার নিজ বাসভবন থেকে সরিয়ে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। সর্বশেষ ইরানি হুমকির আগেই তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

সম্প্রতি সিএনবিসিকে বেসেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পরামর্শেই তাঁকে বাসভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে সাহসী সামরিক সদস্যরা যখন নিয়মিত মৃত্যুর হুমকি পাচ্ছেন, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও যখন একই ধরনের হুমকির মুখে রয়েছেন, তখন আমি কেন ভয় পাব?’

‘যুক্তরাষ্ট্র কখনো ক্ষমা চায়নি’

২০২৬ সালের এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে মিনাবের স্কুলে হামলার বিষয়ে কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও জ্যেষ্ঠ কূটনীতিক আয়াতুল্লাহ আবদুল মাজিদ হাকিম ইলাহি। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্র কখনো ক্ষমা চায়নি। হামলায় নিহত কয়েকটি শিশুর মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

ইলাহি বলেন, ‘তারা ইরানে হামলা চালিয়েছে। ২৮ ফেব্রুয়ারি তারা একটি প্রাথমিক বিদ্যালয়ে দুই দফায় হামলা চালিয়ে সেখানে ১৬৮ জন নিরপরাধ মানুষকে হত্যা করে। এখন পর্যন্ত এসব শিশুর কয়েকজনের মরদেহ খুঁজে পাওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ‘তাদের মা-বাবা এখনো কাঁদছেন। কারণ, সন্তানদের জন্য শোক প্রকাশ করতে যাওয়ার মতো কোনো কবরও তাঁরা খুঁজে পাচ্ছেন না।’

‘হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন মানুষ, সহায়তা করেছে এআই’

একই সম্মেলনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জানান, মিনাবের স্কুলে বোমা হামলার সময় চূড়ান্ত আঘাত হানার সিদ্ধান্ত একজন মানুষই নিয়েছিলেন। তবে লক্ষ্যবস্তু নির্ধারণে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তা নিয়েছিলেন।

সাবেক এই সিআইএ পরিচালক বলেন, ‘প্রকৃতপক্ষে, এটি ছিল মানুষের বিচার-বিবেচনার সিদ্ধান্ত। আমার বিশ্বাস, যন্ত্রটি নিজে সিদ্ধান্ত নেয়নি। একজন মানুষই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং লক্ষ্যবস্তু নির্ধারণে এআই তাঁকে সহায়তা করেছিল। এআই ব্যাপকভাবে ব্যবহার করা হয়।’

তাঁর এই বক্তব্যের মাধ্যমে এর আগে প্রকাশিত একটি প্রতিবেদনের দাবি নাকচ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, এআই-নির্ভর ‘কিল চেইন’ বা হত্যার লক্ষ্য নির্ধারণ ও আঘাত হানার স্বয়ংক্রিয় প্রক্রিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর পেন্টাগনের অতিরিক্ত নির্ভরশীলতাই মিনাবের স্কুলে এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত