ইরানের ভান্ডারে এখনো ২৫০০ ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরির প্রবেশ

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে ওয়াশিংটনে যখন আলোচনা চলছে, তখন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে প্রবেশ করায় অঞ্চলটিতে মার্কিন বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনটিতে। একই সময়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার পরও ইরানের হাতে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে, এতে সংঘাত নতুন করে তীব্র হলে মার্কিন সেনা ও আঞ্চলিক মিত্রদের জন্য ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় পরিসরে হামলা চালানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং এশিয়া সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকেও ইরান পরিস্থিতি আলোচনায় রাখছে ওয়াশিংটন।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় প্রবেশ করেছে ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর আগে থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থান করছে ইউএসএস জর্জ ওয়াশিংটন ও ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং তেহরানের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান পুনরায় শুরু করা হবে কি না, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের আলোচনার মধ্যেই এই মোতায়েন করা হলো।
মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপের উপস্থিতি উল্লেখযোগ্য সামরিক শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে একইভাবে তিনটি রণতরি ওই অঞ্চলে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর সেটিই ছিল প্রথম এমন মোতায়েন।
তিনটি রণতরি কত দিন মধ্যপ্রাচ্যে থাকবে, তা এখনো নিশ্চিত নয়। আগে ধারণা করা হয়েছিল, রুজভেল্ট সেখানে থাকা অন্য দুটি রণতরির কোনো একটির স্থলাভিষিক্ত হবে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজন হলে তিনটি রণতরিই ওই অঞ্চলে অবস্থান করতে পারে।
এদিকে ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন, ইরান কিংবা ইরান-সমর্থিত হুতিরা মার্কিন স্বার্থে নতুন করে হামলা না চালালে তিনি অতিরিক্ত সামরিক হামলার নির্দেশ না-ও দিতে পারেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও ট্রাম্পকে নতুন করে সামরিক উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করতে ওয়াশিংটনের ওপর চাপ অব্যাহত রেখেছেন ইসরায়েলি কর্মকর্তারা।
ওয়াল স্ট্রিট জার্নাল রোববার জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ইরানের সামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার পরও দেশটির হাতে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এই হিসাবের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর আত্মবিশ্বাসের মাত্রা কম। কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কতগুলো কার্যকর অবস্থায় রয়েছে এবং কতগুলো সংরক্ষণাগারে রাখা আছে, তা নির্ধারণ করা কঠিন। তা সত্ত্বেও এই মূল্যায়ন বলছে, সংঘাত বাড়লে মার্কিন সেনা ও মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের জন্য উল্লেখযোগ্য হুমকি তৈরির সক্ষমতা এখনো রয়েছে তেহরানের।
অপরদিকে, স্থানীয় সময় আজ সোমবার ভোরে ওয়াশিংটন ছাড়ার কথা রয়েছে ট্রাম্পের। প্রথমে ফিলিপাইন এবং পরে চীন সফর করবেন তিনি। আগামীকাল মঙ্গলবার ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। বুধবার যাবেন চীনের শেনজেনে। বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশ নেওয়ার পর শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও কার্যকরী মধ্যাহ্নভোজে যোগ দেবেন তিনি।
চীন সফরের শেষ দিকে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নজিরবিহীন ত্রিপক্ষীয় সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। হোয়াইট হাউস দ্য জেরুজালেম পোস্টকে নিশ্চিত করেছে, ওই বৈঠকে ইরান পরিস্থিতির পাশাপাশি তিন দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার কমানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।
তবে শুক্রবারের ব্রিফিংয়ে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক এই বৈঠক থেকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির প্রত্যাশা করছে না ওয়াশিংটন। এক কর্মকর্তা বৈঠকটিকে ‘প্রবেশদ্বার, প্রথম আলোচনা’ হিসেবে বর্ণনা করে বলেন, এটি দীর্ঘমেয়াদি কূটনৈতিক প্রক্রিয়ার সূচনা হতে পারে। তিনি আরও জানান, চীন সফরে পুতিনের সঙ্গে আলাদা কোনো দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা নেই ট্রাম্পের।
ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হলেও ইউক্রেনের সংঘাত ত্রিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তাদের ভাষ্য, ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ইতোমধ্যে পৃথক কূটনৈতিক যোগাযোগ রয়েছে।
মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি এবং চীনে কূটনৈতিক উদ্যোগ পাশাপাশি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একদিকে তেহরানের ওপর সামরিক চাপ বজায় রাখা, অন্যদিকে প্রধান শক্তিগুলোর সঙ্গে সমঝোতার পথ খোঁজা, এই দুই কৌশলই এখন ওয়াশিংটনের সামনে রয়েছে। আপাতত ইরানের বিরুদ্ধে নতুন কোনো বড় মার্কিন হামলা ঘোষণা করা হয়নি। তবে তৃতীয় বিমানবাহী রণতরি মোতায়েনের ফলে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।









