Ajker Patrika

কিশোর অবস্থায় আটকের ১৫ বছর পর সৌদিতে শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২: ২৯
কিশোর অবস্থায় আটকের ১৫ বছর পর সৌদিতে শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবের পতাকা। ফাইল ছবি

কৈশোরে আটক হওয়া জাওয়াদ কুরেইরিসসহ দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। গত শনিবার তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপর ব্যক্তি ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানি। দুজনই সৌদি আরবের শিয়াপ্রধান পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দা।

লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, গত শনিবার এক বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করে। একই দিন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল-সাফওয়ানির মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, দুই ব্যক্তি ‘সন্ত্রাসী অপরাধে’ দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও যানবাহনে হামলা, জীবন্ত গোলাবারুদ মজুত এবং সৌদি আরবের অভ্যন্তরে বিভিন্ন অভিযানে লজিস্টিক ও আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ ছিল।

এসপিএর বিবৃতি অনুযায়ী, মামলাগুলো বিশেষায়িত ফৌজদারি আদালতে বিচার করা হয়। আদালতে অভিযুক্তদের অপরাধের দায় প্রতিষ্ঠিত হওয়ার পর সুপ্রিম কোর্ট রায় বহাল রাখে। পরে রাজকীয় ফরমানের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দেওয়া হয়।

তবে জাওয়াদ কুরেইরিসের পরিবারের দাবি, ২০১১-১২ সালের আরব বসন্তের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে শিশুকালেই তাঁকে আটক করা হয়েছিল। ওই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। ২০২০ সালের ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

কুরেইরিসের পরিবারের দাবি, বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ থাকা কয়েকটি ঘটনার সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর। তাঁকে গুরুতর নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়। প্রাণঘাতী নয়, এমন সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের কথা স্বীকার করিয়ে সেই বক্তব্যই পরবর্তী সময়ে তাঁর দণ্ডাদেশের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়।

সৌদি আরবের পূর্বাঞ্চলের একটি প্রভাবশালী শিয়া পরিবারের সদস্য ছিলেন কুরেইরিস। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাঁর পরিবারের সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে। তাঁর এক ভাই নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন। অন্য এক ভাইকে মাত্র ১৩ বছর বয়সে গ্রেপ্তার করা হয়। ওই ভাইয়ের বিরুদ্ধে এমন কিছু অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডযোগ্য মামলা করা হয়, যেগুলো সংঘটনের সময় তাঁর বয়স ছিল মাত্র ৯ বছর।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে এ পর্যন্ত সৌদি আরব এমন পাঁচ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যাঁরা অভিযোগ অনুযায়ী অপরাধ সংঘটনের সময় শিশু ছিলেন। তাঁদের সবাই পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর শিয়া পরিবারের সদস্য। ২০১১-১২ সালের আরব বসন্তের বিক্ষোভ চলাকালে এবং পরবর্তী সময়ে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলের মৃত্যুদণ্ডবিষয়ক প্রকল্পের প্রধান জিদ বাসিউনি এ মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনে ভিন্নমত প্রকাশের শাস্তি মৃত্যুদণ্ড। গত দুই বছরে স্পষ্ট হয়েছে, এই নীতি শিশুদের ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে।

জিদ বাসিউনি বলেন, ‘সম্প্রতি বিক্ষোভে অংশ নেওয়ার কারণে শিশুকালে আটক হওয়া যে চার তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, জাওয়াদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাঁকে নির্যাতন করে তথাকথিত ‘সন্ত্রাসী’ অপরাধের বিষয়ে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। এরপর গোপনে তাঁর বিচার করা হয়, তাঁকে দোষী সাব্যস্ত করা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং শেষ পর্যন্ত হত্যা করা হয়।’

তিনি আরও অভিযোগ করেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান জাওয়াদের পরিবার এবং তাঁর মতো অন্য পরিবারগুলোর বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধপরায়ণতা থেকে পদক্ষেপ নিয়েছেন। এসব পরিবার যুবরাজের শাসনক্ষমতার অধিকার নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখিয়েছিল।

বাসিউনির ভাষায়, ‘এটি এমন একটি শাসনব্যবস্থা, যেখানে রাজনৈতিক দমন-পীড়ন এবং ব্যক্তিগত বিরোধ মেটানোর হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়।’

সৌদি আরবের আন্তর্জাতিক অংশীদারদের এ বিষয়ে নীরব না থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউসুফ আল-মানাসিফের আসন্ন মৃত্যুদণ্ড কার্যকর ঠেকাতে দেশগুলোর জরুরি ভিত্তিতে সৌদি সরকারের কাছে কূটনৈতিক প্রতিবাদ ও হস্তক্ষেপ জানানো উচিত।

সৌদি আরবের পূর্বাঞ্চল ঐতিহাসিকভাবেই সরকারবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র। দেশটির বিশাল তেলসম্পদের ভান্ডারও এ অঞ্চলে অবস্থিত। দীর্ঘদিন ধরে শিয়াপ্রধান এই অঞ্চলের জনগোষ্ঠীকে লক্ষ্য করে রাষ্ট্রীয় দমন-পীড়ন ও নিরাপত্তা অভিযান পরিচালিত হয়ে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত