Ajker Patrika

হুতিদের কাছে বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ হারাল সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১: ৪৬
হুতিদের কাছে বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ হারাল সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী
বাব এল–মান্দেব প্রণালির উপকূলে হুতিদের দুই সদস্যের টহল। ছবি: সিজিটিএন

সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারপন্থী বাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালিসংলগ্ন একটি এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর ফলে এলাকাটি ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ নৌপথের প্রবেশদ্বার থেকে সেনা সরিয়ে অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের প্রতিরক্ষা জোরদার করা হচ্ছে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ওই জলপথের আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক অভিযান কার্যত শেষ হলো। গত সেপ্টেম্বরে আকস্মিক অভিযানের মাধ্যমে হুতিরা এলাকাটি দখল করে নেয়। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানি ব্যাহত হয় এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

গতকাল রোববার স্থানীয় সময় দিনের শেষ দিকে হুতি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানায়, গোষ্ঠীটি ওই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এ বিষয়ে সৌদি আরব এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে, অক্টোবরের শুরুর দিকে সরকারপন্থী বাহিনী জানিয়েছিল—তারা প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। হুতিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ভূখণ্ড পুনরুদ্ধারের অভিযানের অংশ হিসেবে তারা এ দাবি করেছিল। এর এক মাস আগে হুতিরা প্রণালির মুখে অবস্থিত পেরিম দ্বীপ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকাসহ বেশ কয়েকটি এলাকা দখলের দাবি করেছিল।

তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে লড়াইরত সৌদি-সমর্থিত বাহিনী রোববার জানায়, অন্য এলাকায় সেনাদের শক্তি বাড়াতে তারা ওই অঞ্চল থেকে পিছু হটছে। এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে দেওয়া হচ্ছে ‘অগ্রাধিকার’।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাউদার্ন আর্মড ফোর্সেসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ধুবাব বিমানবন্দর এবং বাব এল-মান্দেব এলাকা’ থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ‘সম্মুখসারির প্রতিরক্ষা অবস্থান শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার’ লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হুতিরা দাবি করেছে, বাব এল-মান্দেব প্রণালি দখলের সময় আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য তারা কোনো হুমকি তৈরি করেনি। তবে সৌদি আরবের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখবে বলে জানিয়েছে গোষ্ঠীটি। তবে এই দখলের ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। কারণ, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব তেল রপ্তানির জন্য লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।

এর জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালায়। অন্যদিকে, হুতিরাও সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, লড়াই আরও তীব্র হয়ে ওঠার পর থেকে ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ সংঘাতে কয়েক শ মানুষের নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

২০১৪ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে ইয়েমেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওই বছর হুতিরা রাজধানী সানা থেকে সরকারকে উৎখাত করে। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের জোট ইয়েমেন সরকারের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক হস্তক্ষেপ করলে সংঘাত আরও ভয়াবহ রূপ নেয়।

চার বছর ধরে চলা একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভাঙতে শুরু করে। ওই সময় হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ‘সামুদ্রিক অবরোধ’ ঘোষণা করে এবং সৌদি বিমানবন্দর, তেল স্থাপনা ও লোহিত সাগরে চলাচলকারী তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

হুতিদের দাবি, তাদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের বন্দর ও বিমানবন্দরগুলো সৌদি আরব অবরোধ করে রেখেছিল। পাশাপাশি সানা বিমানবন্দরে চালানো একটি বিমান হামলার জন্যও তারা সৌদি আরবকে দায়ী করে। এসব পদক্ষেপের প্রতিশোধ হিসেবেই সৌদি আরবের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত