Ajker Patrika

লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

আজকের পত্রিকা ডেস্ক­
লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান
দক্ষিণ লেবাননের টায়ার শহরের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ছবি: এএফপি

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ও হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি আজ সোমবার এ তথ্য জানিয়েছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে যে শর্তগুলোর কথা আগে আলোচনা হয়েছিল, তার মধ্যে লেবাননও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তবে সেই শর্ত এখন লঙ্ঘন করা হচ্ছে বলে মনে করছে তেহরান। এ কারণে ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ইরান দাবি করেছে, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার করতে হবে। তেহরানের মতে, এসব বিষয়ে তাদের অবস্থান এবং আঞ্চলিক মিত্রদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা এগোবে না।

তাসনিম নিউজ আরও জানিয়েছে, ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার সম্ভাবনা এবং অন্যান্য কৌশলগত ফ্রন্ট সক্রিয় করার বিষয়ও বিবেচনায় রেখেছে। এর মধ্যে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালিও রয়েছে, যেখানে অতীতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাহাজের ওপর হামলা চালিয়েছে।

এদিকে, সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ এলাকায় হামলার নির্দেশ দেন। এলাকাটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, বৈরুতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত