
ভারতে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। একটি উড়োজাহাজ উড্ডয়নের অল্প কিছুক্ষণ পরেই কীভাবে তা এক আবাসিক এলাকায় আছড়ে পড়তে পারে, সেই হিসাব অনেকেই মিলাতে পারছেন না। দুর্ঘটনার পরদিন মিলেছে ব্ল্যাক বক্স। এবার হয়তো জানা যাবে দুর্ঘটনার প্রকৃত কারণ।
তার আগ পর্যন্ত সবাই এখন ব্যস্ত দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তিকে নিয়ে। উড়োজাহাজে থাকা সব আরোহী যেখানে মৃত্যুবরণ করেছে, সেখানে তিনি কীভাবে বেঁচে গেলেন?
গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহর থেকে বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশে যাত্রা করে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ, যাতে সওয়ার ছিলেন ১২ জন ক্রুসহ ২৪২ জন যাত্রী।
উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই উড়োজাহাজটি কাছের মেঘানিনগর এলাকায় বিজে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। চোখের নিমিষে ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় গোটা এলাকা।
দুর্ঘটনায় ২৪১ জন আরোহীর পাশাপাশি বিমানটি যেখানে আছড়ে পড়েছিল, সেখানে মৃত্যু ঘটে কমপক্ষে ৩৩ জনের।
ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তিটি হলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। বলা হচ্ছে, এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটিতে সেদিন এক বিশেষ স্থানে তাঁর আসন ছিল বলেই প্রাণে বেঁচেছিলেন ৪০ বছর বয়সী ব্যবসায়ী রমেশ।
আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দেওয়ার অল্প কিছুক্ষণ পরেই নিজেকে দুর্ঘটনাস্থলে আবিষ্কার করেন রমেশ। জ্ঞান ছিল তাঁর। রক্তে ভেসে যাচ্ছে পরনের কাপড়। দেহের এদিকে-ওদিকে কাটাছেঁড়ার দাগ।
সেখান থেকে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পুরো ঘটনায় হতবিহ্বল রমেশ সাংবাদিকদের পরে বলেন, ‘আমি কীভাবে বেঁচে ফিরলাম, বুঝে উঠতে পারছি না।’
রমেশের বেঁচে যাওয়া নিঃসন্দেহে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। জরুরি নির্গমনের কাছে থাকা তাঁর আসনটির কারণেই কী বেঁচে গেছেন কি না, এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। প্রশ্ন উঠেছে, বিমানযাত্রায় নিরাপদ কোনো আসন আদৌ আছে কি না।
বিমান চলাচল বিশেষজ্ঞ অংগদ সিং এনডিটিভিকে বলেন, ‘পরিসংখ্যান অনুযায়ী, উড়োজাহাজে কিছু আসন অপেক্ষাকৃত নিরাপদ। বহু বছরের বিমান দুর্ঘটনার পরিসংখ্যান বলছে, বিমানের একেবারে পেছনের দিকের বা সামনের দিকের আসনগুলো মাঝখানের আসনের চেয়ে বেশি নিরাপদ।
‘তবে, আহমেদাবাদের দুর্ঘটনার ক্ষেত্রে এটি একেবারেই প্রযোজ্য নয়। রমেশের ১১এ নম্বর আসনটি বিমানের মাঝামাঝি, ঠিক পাখার আগের দিকে। তাই তাঁর বেঁচে যাওয়াকে অলৌকিক বলাই যথার্থ। এর বাইরে অন্য কোনো শব্দ খাটে না।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটে ১১এ নম্বর আসনটি ইকোনমি ক্লাসের প্রথম সারিতে ছিল।
এটি বিজনেস ক্যাবিনের ঠিক পেছনে এবং বিমানের বাঁ দিকের জরুরি নির্গমনের কাছাকাছি। বিমানটি যখন ভূপাতিত হয়, তখন সামনের বাঁ দিকের অংশ, যার মধ্যে ১১এ আসনটিও ছিল, তা ধসে পড়ে—তবে ওপরের স্তর নয়, যেখানে বিমানের মূল কাঠামো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন উড়োজাহাজের আসনবিন্যাস ভিন্ন ভিন্ন হয়। প্রতিটি দুর্ঘটনার ধরন আলাদা। আর কে বাঁচবেন, তা অনেক কিছুর ওপর নির্ভর করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান চলাচলবিষয়ক নিরাপত্তা সংস্থা সেফটি ফাউন্ডেশনের পরিচালক মিচেল ফক্স বলেন, ‘প্রতিটি দুর্ঘটনা আলাদা। আর আসনের অবস্থান দেখে কে বাঁচবে তা পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।’

মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
২ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৩ ঘণ্টা আগে
নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং চীনের তিব্বত অঞ্চলে ১৬ জন মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার ৯ জন নিহত এবং প্রায় ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কিয়েভে রুশ হামলার এটি টানা ষষ্ঠ দিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে