
দীর্ঘ ১১ বছর ধরে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তথ্যপ্রযুক্তি (আইটি) ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অমিত মালব্য।
তবে গতকাল সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন দলের যে নতুন জাতীয় সাংগঠনিক টিম ঘোষণা করেছেন, তাতে অমিত মালব্যের স্থলাভিষিক্ত হিসেবে ছত্তিশগড়ের নেতা দীপক মাসকের নাম এসেছে।
২০১৫ সাল থেকে বিজেপির ডিজিটাল প্রচারণা ও সামাজিক মাধ্যমে দলের অবস্থান শক্ত করতে মূল ভূমিকা পালন করা অমিত মালব্যের এই রদবদল নিয়ে ভারতীয় রাজনীতিতে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী দল কংগ্রেসের ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা এবং ‘জেন জি’ বা নতুন প্রজন্মের তরুণদের আকৃষ্ট করার চ্যালেঞ্জের কারণেই হয়তো আইটি সেলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।
তবে বিজেপি সূত্রগুলো এই দাবি খারিজ করে দিয়েছে। দলের জ্যেষ্ঠ সূত্রগুলোর মতে, সাম্প্রতিক কয়েকটি মাসের ঘটনার ওপর ভিত্তি করে এই রদবদলকে ব্যাখ্যা করা অত্যন্ত উপরিভাসা এবং ভুল বিশ্লেষণ।
বিজেপির অভ্যন্তরীণ সূত্র জানায়, ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পরপরই অমিত মালব্য নিজে থেকেই এই পদ থেকে অব্যাহতি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছিলেন। এমনকি নিতিন নবীন সভাপতি হওয়ার পরেও মালব্য তাঁর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে কথা বলেন এবং তাঁর উত্তরসূরি হিসেবে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম প্রস্তাব করেছিলেন, যা দল বিবেচনায় নেয়।
বিজেপির সর্বভারতীয় নতুন কমিটিতে তাৎক্ষণিকভাবে অমিত মালব্যকে অন্য কোনো দায়িত্ব না দেওয়ার পেছনে তাঁর নিজ রাজ্য উত্তর প্রদেশের রাজনৈতিক ও জাতিগত সমীকরণকে কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন সভাপতি নিতিন নবীনের কমিটিতে ইতিমধ্যেই উত্তর প্রদেশ থেকে একাধিক জ্যেষ্ঠ নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে সাধারণ সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন হরিশ দ্বিবেদী।
দলীয় সূত্র জানায়, অমিত মালব্য নিজেও ব্রাহ্মণ সম্প্রদায়ের হওয়ায় একই রাজ্য থেকে সাধারণ সম্পাদক পদে দুজন ব্রাহ্মণকে রাখা রাজনৈতিকভাবে কৌশলগত ছিল না। আবার বয়সের বিচারে জ্যেষ্ঠতার ব্যাপ্তি না থাকায় তাঁকে এখনই জাতীয় উপ-সভাপতি বা সাধারণ সম্পাদকের মতো পদে রাখা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে তাঁর রাজনৈতিক ভূমিকা কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন শক্তিশালী করতে মালব্যের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। গত ছয় বছর ধরে তিনি পশ্চিমবঙ্গ বিজেপির সহ-পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন এবং এ বছর তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপির সরকার গঠনে তৃণমূল স্তরে সক্রিয় ভূমিকা রাখেন বলে দলে সমাদৃত হন।
গত এক দশকে মালব্যের নেতৃত্বে বিজেপির আইটি সেল অভূতপূর্ব বিস্তৃতি লাভ করলেও, নানা বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, মালব্যের আইটি সেল রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে সাইবার আক্রমণ ও অপপ্রচার চালাত।
অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, সরকারের সাফল্য তুলে ধরা এবং বিরোধীদের রাজনৈতিক আক্রমণ ভেস্তে দিতে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালে বিজেপির এক্স হ্যান্ডেলের ফলোয়ার ছিল মাত্র ২ থেকে ৩ লাখ, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৩০ লাখে। বিপরীতে প্রধান বিরোধী দল কংগ্রেসের ফলোয়ার সংখ্যা বর্তমানে ১ কোটি ১০ লাখ। ফেসবুকে বিজেপির ফলোয়ার সংখ্যা যেখানে ১ কোটি ৬০ লাখ, সেখানে কংগ্রেসের প্রায় ৬৭ লাখ। ইউটিউবেও বিজেপির সাড়ে ৬ মিলিয়নের বিপরীতে কংগ্রেসের সাবস্ক্রাইবার প্রায় ৪ দশমিক ৮ মিলিয়ন।
বিজেপির এই ডিজিটাল সাম্রাজ্যের ভিত্তি গড়ে উঠলেও, নতুন সোশ্যাল মিডিয়া প্রধান দীপক মাসকে এবং তাঁর টিমের সামনে এখন নতুন প্রজন্মের ‘জেন জি’ ভোটারদের আকৃষ্ট করা এবং বিরোধী শিবিরের আক্রমণ মোকাবিলা করার নতুন চ্যালেঞ্জ রয়েছে।

ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনসহ অন্য ‘কম যন্ত্রণাদায়ক’ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের সাংবিধানিক বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছেন...
২৮ মিনিট আগে
তামিলনাড়ুতে ভারতের স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে অভিনেত্রী ত্রিশা কৃষ্ণনের উপস্থিতি এবং মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে তাঁর ‘স্যালুট’ বিনিময় নিয়ে তীব্র সমালোচনা করেছে বিরোধী দল ডিএমকে।
৩৫ মিনিট আগে
গ্রিসের সিফনোস দ্বীপে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, সোমবার ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে সদ্য বিবাহিত এক ব্রিটিশ দম্পতি এবং পাইলট ছিলেন।
১ ঘণ্টা আগে
ইনস্টাগ্রামের একটি ‘রিলস’-এ ছড়ানো ভুয়া তথ্যের ভিত্তিতে ১ কোটি ২০ লাখ রুপি আয়ের অলিক আশায় ১৭ বছর বয়সী এক কিশোরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে।
২ ঘণ্টা আগে