Ajker Patrika

‘বিশেষ বাহিনীর চাপে’ বন্ধ হলো রুশ সংবাদমাধ্যম নোভায়া গেজেতা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২২: ০৩
‘বিশেষ বাহিনীর চাপে’ বন্ধ হলো রুশ সংবাদমাধ্যম নোভায়া গেজেতা
লাটভিয়ার রিগায় নোভায়া গেজেতা পত্রিকা পড়ছেন এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম নোভায়া গেজেতা বন্ধের ঘোষণা দিয়েছেন পত্রিকাটির প্রধান সম্পাদক সের্গেই সোকোলভ। দেশটির কর্তৃপক্ষ ও বিশেষ নিরাপত্তা বাহিনীর চাপের মুখে সংবাদমাধ্যমটির কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) ইউটিউবে প্রকাশিত এক ভিডিওবার্তায় সোকোলভ বলেন, নোভায়া গেজেতার অস্তিত্ব আর থাকছে না। রুশ কর্তৃপক্ষ, বিশেষ করে দেশটির বিশেষ নিরাপত্তা বাহিনী, সম্পাদকীয় দলকে কাজ বন্ধ করতে বাধ্য করেছে।

সোকোলভ জানান, আগামী ৯ নভেম্বর পত্রিকাটির কার্যালয়ের আলো নিভিয়ে দেওয়া হবে। ৩০ বছর ধরে যে কার্যালয়ে তাঁদের কর্মজীবন কেটেছে, সেখান থেকে বিদায় নেবেন তাঁরা। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হবে সংবাদমাধ্যমটির সার্ভার।

দি ইনডিপেনডেন্ট জানায়, সম্প্রতি পত্রিকাটির জ্যেষ্ঠ সম্পাদক সোকোলভকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল কর্তৃপক্ষ। পাশাপাশি তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। পত্রিকাটির আরেক সাংবাদিক ওলেগ রলদুগিনের বিরুদ্ধে করা একটি ফৌজদারি মামলার সূত্র ধরে এসব পদক্ষেপ নেওয়া হয়। গত এপ্রিলে গ্রেপ্তার হওয়া রলদুগিনের বিরুদ্ধে কম্পিউটারভিত্তিক তথ্যে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বর্তমানে গৃহবন্দী অবস্থায় বিচারের অপেক্ষায় রয়েছেন রলদুগিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ায় স্বাধীন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর নিয়ন্ত্রণ বাড়িয়েছে সরকার। দেশটিতে সংবাদমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ আরোপের ফলে অধিকাংশ স্বাধীন সাংবাদিক নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন। নোভায়া গেজেতাকেও ‘বিদেশি এজেন্ট’ হিসেবে চিহ্নিত করেছে মস্কো। ভিন্নমত দমনে রাশিয়ায় এ ধরনের তকমা ব্যবহারের অভিযোগ রয়েছে।

ইউক্রেনে অভিযান শুরুর পর রাশিয়ার অভ্যন্তরে পত্রিকাটির প্রকাশনা কার্যক্রম সীমিত করা হয়েছিল। একই বছর কর্তৃপক্ষ পত্রিকাটির গণমাধ্যম পরিচালনার লাইসেন্স বাতিল করে।

নোভায়া গেজেতার সাবেক প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ ২০২১ সালে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান। পত্রিকাটিকে রাশিয়ার স্বাধীন সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত