রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার মার্কিন সেনা

রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে এক মার্কিন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। ওই কর্মকর্তাকে সেনা হেফাজতে নিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবিসির তথ্য অনুযায়ী, ৪১ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল ব্র্যান্ডন ক্যারল টাইনার ২০০৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত। গত ১০ নভেম্বর গ্লস্টার শহরের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ।
গ্লুচেস্টারশায়ারের ইনসওয়ার্থে অবস্থিত ন্যাটোর অ্যালায়েড র্যাপিড রিঅ্যাকশন কোরের সদর দপ্তর ইমজিন ব্যারাকে কর্মরত ছিলেন টাইনার। সেখানে তাঁকে এমন কিছু সংবেদনশীল তথ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল, যা রাশিয়ার হাতে গেলে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৫ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের যৌথ দীর্ঘমেয়াদি অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
টাইনার গ্রেপ্তারের পর রাশিয়া এ ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। গত ১১ নভেম্বর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক নেই।
ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেলর গতকাল মঙ্গলবার জানান, তদন্তের পরবর্তী ধাপ এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কাছে টাইনারকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিফর্ম কোড অব মিলিটারি জাস্টিসের (ইউসিএমজে) অধীনে তাঁর বিচারপ্রক্রিয়া চলতে পারে।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনো অভিযোগের পর্যায়েই রয়েছে।
তথ্যসূত্রে: বিবিসি









