Ajker Patrika

ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯

আজকের পত্রিকা ডেস্ক­
ইউক্রেনজুড়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলা, নিহত অন্তত ৯
কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার হামলায় ৯ জন নিহত হয়েছে। ছবি: এএফপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মঙ্গলবার ভোরে ইউক্রেনের কিয়েভ, দিনিপ্রো ও খারকিভে অন্তত নয়জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। এমনটাই জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এর আগে কয়েক দিন ধরে সতর্ক করা হচ্ছিল যে, মস্কো বড় ধরনের একটি হামলার পরিকল্পনা করছে।

চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে ইউক্রেনও চলতি বছরে রাশিয়ার তেল স্থাপনাগুলোর ওপর হামলা জোরদার করেছে, যা প্রায়ই হতাহতের কারণ হয়েছে। তবে উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে জানিয়েছেন। তিনি বলেন, আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর হলেও আশঙ্কাজনক নয়।

রাজধানী কিয়েভজুড়ে অন্তত চারজন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে বলে মেয়র ভিতালি ক্লিৎস্কো জানিয়েছেন। তিনি বলেন, একটি ২৪ তলা অ্যাপার্টমেন্ট ভবনে সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলার ফলে ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মেয়র জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগা অন্যান্য ভবনের মধ্যে একটি নয়তলা অ্যাপার্টমেন্ট ভবনও রয়েছে। তিনি বলেন, রাজধানীর ‘ওবোলোন জেলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে গাড়িতে আগুন লেগেছে। এ ছাড়া খোলা জায়গায় দুটি স্থানে আগুন লেগেছে, যার একটি একটি কিন্ডারগার্টেনের কাছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে রুশ হামলা প্রতিহত করতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দে চারদিক মুখর হয়ে ওঠে। এ সময় আশ্রয়ের খোঁজে হাজার হাজার বাসিন্দা কিয়েভের পাতালরেল ব্যবস্থায় ছুটে যান। তাদের অনেকের হাতে ব্যক্তিগত জিনিসপত্র ও গদি ছিল।

স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরেও ইউক্রেনের অধিকাংশ এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বাজতে থাকে। এর আগের দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য বড় ধরনের হামলার বিষয়ে আবারও সতর্কবার্তা দিয়েছিলেন।

গতকাল রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার হামলা নিয়ে গোয়েন্দা সতর্কবার্তাগুলো এখনো কার্যকর রয়েছে। একটি ব্যাপক হামলা হতে পারে। তারা এর প্রস্তুতি নিয়েছে।’ তিনি বলেন, ‘বর্তমানে আমাদের হাতে যে সরঞ্জাম রয়েছে, তা নিয়েই আমাদের প্রতিরক্ষাবাহিনী সর্বোচ্চ সক্ষমতা নিয়ে ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে।’

গত সপ্তাহে রাশিয়া সতর্ক করে বলেছিল, তারা কিয়েভে ইউক্রেনীয় সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তু এবং সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোর ওপর ‘পদ্ধতিগত হামলা’ চালাবে। একই সঙ্গে বিদেশিদের এলাকা ত্যাগ করার আহ্বান জানানো হয়।

রাশিয়ার দাবি, এই পদক্ষেপ নেওয়া হচ্ছে গত মাসে ইউক্রেনের রাশিয়া-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলার জবাবে। ওই হামলায় ২১ জন নিহত হয়েছিলেন বলে মস্কোর দাবি। তবে ইউক্রেন এই হামলার দায় অস্বীকার করেছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে। যুদ্ধ বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তেমন অগ্রগতি হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোর ওপর বেশি মনোযোগ দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত