
আধুনিক যুদ্ধে সময়ের সঠিক হিসাবই সব। ন্যানোসেকেন্ডের ব্যবধানও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় সফল লক্ষ্যভেদের ক্ষেত্রে বড় পার্থক্য গড়ে দিতে পারে। এই প্রযুক্তিতে বড় ধরনের সাফল্য অর্জনের দাবি করেছে চীন। দেশটির গবেষকেরা বিপুল পরিমাণে ক্ষুদ্রতম পারমাণবিক ঘড়ি উৎপাদন শুরু করেছেন, যা ড্রোন যুদ্ধ, পানির নিচে নেভিগেশন (চলাচল) এবং যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, উহান বিশ্ববিদ্যালয়ের স্যাটেলাইট নেভিগেশন অ্যান্ড পজিশনিং টেকনোলজি রিসার্চ সেন্টারের অধ্যাপক চেন জিহুয়ার নেতৃত্বে একটি দল ঘড়িটি উদ্ভাবন করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যাংজিয়াং ডেইলির প্রতিবেদন অনুযায়ী, ঘড়িটি এতটাই নিখুঁত যে প্রতি ৩০ হাজার বছরে এটি মাত্র এক সেকেন্ড সময় হারাতে পারে।
আশ্চর্যের বিষয় হলো, এই ডিভাইসের আয়তন মাত্র ২ দশমিক ৩ ঘন সেন্টিমিটার, যা একটি আঙুলের নখের সমান। এটি যুক্তরাষ্ট্রের তৈরি মডেলগুলোর তুলনায় সাত গুণ ছোট। অধ্যাপক চেন বলেন, ‘প্রচলিত পারমাণবিক ঘড়িগুলোকে ছোট করলেও সেগুলোর আয়তন কয়েকশ ঘন সেন্টিমিটার এবং বিদ্যুৎ খরচ কয়েক ওয়াট পর্যন্ত হয়ে থাকে। যুক্তরাষ্ট্র ১৭ ঘন সেন্টিমিটারের একটি ঘড়ি তৈরি করলেও আমাদেরটি তার চেয়ে অনেক ছোট হয়েও সমমানের পারফরম্যান্স দিচ্ছে।’
এত ক্ষুদ্র আকারের ঘড়ি তৈরি করা সম্ভব হয়েছে ‘কোয়ান্টাম অপটিক্যাল ফেনোমেনন’ বা ‘কোহেরেন্ট পপুলেশন ট্র্যাপিং’ নামক প্রযুক্তির মাধ্যমে। প্রচলিত পারমাণবিক ঘড়িতে মাইক্রোওয়েভ ক্যাভিটি ব্যবহার করা হয়, যা ডিভাইসের আকার ছোট করার ক্ষেত্রে একটি বড় বাধা। নতুন এই পদ্ধতিতে রুবিডিয়াম বা ক্ষারীয় পরমাণু সমৃদ্ধ একটি ক্ষুদ্র কোষ এবং সেমিকন্ডাক্টর লেজার ব্যবহার করা হয়। যখন লেজারের দুটি তরঙ্গদৈর্ঘ্য পরমাণুর বিশেষ শক্তিস্তরের সঙ্গে মিলে যায়, তখন পরমাণুগুলো একটি ‘ডার্ক স্টেট’ বা বিশেষ কোয়ান্টাম অবস্থায় পৌঁছায়। এই অবস্থা থেকে একটি স্থিতিশীল ফ্রিকোয়েন্সি বা সময় পাওয়া সম্ভব হয়, যা চিপ-স্কেল সিস্টেমে যুক্ত করা যায়।
গবেষক দলটি এখন ‘তাইফস (উহান) টেকনোলজি কোং’ নামে একটি স্পিন-অব কোম্পানি গঠন করেছে, যা রাষ্ট্রায়ত্ত ‘ইয়াংজি রিভার ইন্ডাস্ট্রি গ্রুপ’-এর সহায়তায় এই ঘড়িগুলো বাণিজ্যিকভাবে উৎপাদন করছে। ২০২৪ সালে কোম্পানিটি কয়েকশ ইউনিট ঘড়ি বিক্রি করেছে এবং ভবিষ্যতে এর চাহিদা ব্যাপক হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।
অধ্যাপক চেন জানান, এই চিপ-স্কেল পারমাণবিক ঘড়িগুলো ইতিমধ্যে ‘মাইক্রো-পিএনটি’ (পজিশনিং, নেভিগেশন এবং টাইমিং), চীনের নিজস্ব জিপিএস ব্যবস্থা ‘বেইদু’র আন্ডারওয়াটার সিস্টেম, নিম্ন কক্ষপথের স্যাটেলাইট এবং ড্রোনের ঝাঁক বা ‘ড্রোন সোয়ার্ম’-এর সময় সামঞ্জস্য করার কাজে সফলভাবে ব্যবহার করা হচ্ছে। এর ক্ষুদ্র আকার ও স্বল্প বিদ্যুৎ খরচের কারণে সামরিক ও বেসামরিক উভয় খাতেই এটি অত্যন্ত কার্যকর হবে। তবে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ লেজার তৈরির উচ্চ খরচ এবং কারিগরি মান বজায় রাখা গণহারে ব্যবহারের ক্ষেত্রে একটি বাধা।

ভারতের কর্ণাটক রাজ্য সরকার ২০২২ সালের বিতর্কিত স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নতুন নীতিমালা জারি করেছে। নতুন এই নির্দেশনায় সরকারি, অনুদানপ্রাপ্ত ও বেসরকারি স্কুল এবং কলেজে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে সীমিত পরিসরে ধর্মীয় ও ঐতিহ্যগত প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছে দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছে।
২ ঘণ্টা আগে
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলার সময় এবং পরবর্তী জিম্মি দশায় ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে বলে একটি স্বতন্ত্র ইসরায়েলি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
৬ ঘণ্টা আগে