
এক ব্যক্তির প্রতি অন্যায্য তদন্ত ও অভিযোগ আনার দায় স্বীকার করে তাঁর কবরে গিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে জাপানের টোকিও পুলিশ ও প্রসিকিউশন কর্তৃপক্ষ। ওই ব্যক্তির নাম শিজুও আইশিমা। তিনি ওহকাওয়ারা কাকোহকি নামের একটি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উপদেষ্টা ছিলেন।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, আজ সোমবার (২৫ আগস্ট) ইয়োকোহামায় আইশিমার কবরে গিয়ে ফুল অর্পণ ও নতজানু হয়ে ক্ষমা চান টোকিও মেট্রোপলিটন পুলিশের উপ-সুপারিনটেনডেন্ট জেনারেল তেতসুরো কামাতা, সুপ্রিম পাবলিক প্রসিকিউটরস অফিসের তাকাশি কোইকে ও টোকিও ডিস্ট্রিক্ট প্রসিকিউটরস অফিসের হিরোশি ইচিকাওয়া। এ সময় সেখানে আইশিমার স্ত্রী ও দুই সন্তান উপস্থিত ছিলেন।
২০২০ সালে আইশিমাকে সংবেদনশীল যন্ত্রপাতির অবৈধ রপ্তানিতে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি বারবার নির্দোষ দাবি করলেও জামিন মেলেনি। টানা ৮ বার জামিন আবেদন ব্যর্থ হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পান। তবে তিনি আর সুস্থ হতে পারেননি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৭২ বছর বয়সে মারা যান।
পরে তদন্তে প্রকাশ পায়, আইশিমা ছিলেন নির্দোষ এবং অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় প্রমাণ উপেক্ষা করা হয়েছিল। মামলাটির তদন্তেও শৃঙ্খলাভঙ্গ ঘটেছিল। একই মামলায় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মাসাকি ওকাওয়ারা ও সাবেক পরিচালক জুনজি শিমাদাকে মুক্তি দেওয়া হলেও জীবিত অবস্থায় ন্যায়বিচার পাননি আইশিমা।
টোকিও হাইকোর্ট পরে এই তিনজনের বিরুদ্ধে আনা গ্রেপ্তার ও অভিযোগকে অবৈধ ঘোষণা করেন এবং রাষ্ট্র ও টোকিও প্রশাসনকে মোট ১৬৬ কোটি ইয়েন ক্ষতিপূরণের আদেশ দেন। আদালত তদন্তকারীদের ‘অবিচার ও বেআইনি প্রক্রিয়া’ ব্যবহারের জন্য কঠোর সমালোচনাও করেন।
আইশিমার কবরে গিয়ে ক্ষমা প্রার্থনার সময় প্রসিকিউটর ইচিকাওয়া বলেন, ‘আমরা অবৈধভাবে আটক ও অভিযোগ এনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তরিকভাবে দুঃখিত। জামিন নামঞ্জুরের কারণে তাঁর চিকিৎসার সুযোগও কেড়ে নেওয়া হয়েছিল।’
তবে আইশিমার স্ত্রী বলেছেন, ‘আমি ক্ষমা গ্রহণ করছি, কিন্তু কখনোই ক্ষমা করব না।’
এর আগে ২০২৩ সালে আরেকটি বহুল আলোচিত ঘটনায়, প্রায় ছয় দশক কারাবন্দী থাকার পর নির্দোষ প্রমাণিত ইওয়া হাকামাদার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছিলেন শিজুওকা প্রিফেকচার পুলিশের প্রধান। এই ঘটনাকে জাপানের বিচারব্যবস্থায় ভুল স্বীকারের দৃষ্টান্ত হিসেবেই দেখা হয়।

ভারতে ভাইরাল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে আজ শনিবার রাজধানী নয়া দিল্লিতে পৌঁছেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দিতে এসেছেন। এর মাধ্যমে দেশটির সবচেয়ে বড় অনলাইন যুব আন্দোলন প্রথমবারের মতো সরাসরি রাস্তায় নেমে এল।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে আজারবাইজানে বিশেষ বাহিনী ও মোসাদ এজেন্ট মোতায়েন এবং সোমালিল্যান্ডে যুদ্ধবিমান জ্বালানি ভরার ঘাঁটি পরিচালনার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। সিএনএনের প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করেছে আজারবাইজান।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের শান রাজ্যে রাশিয়ার প্রথম টাংস্টেন খনি প্রকল্পকে ঘিরে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। চীন-সমর্থিত ইউডব্লিউএসএর প্রভাববলয়ে রুশ কোম্পানির প্রবেশকে চীন ও রাশিয়ার প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং মিয়ানমারের ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনো আটকে রয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
৫ ঘণ্টা আগে