Ajker Patrika

সরকার গঠনে রাজ্যপালের অনুমোদন, আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ মে ২০২৬, ২২: ৩১
সরকার গঠনে রাজ্যপালের অনুমোদন, আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়
প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিজয়। ছবি: এক্স

অবশেষে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন তামিলগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ শনিবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে, আগামীকাল রোববার (১০ মে) বেলা ৩টা ১৫ মিনিটে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়।

গত এক সপ্তাহে সরকার গঠনের দাবি নিয়ে এটি ছিল রাজ্যপালের সঙ্গে বিজয়ের চতুর্থ সাক্ষাৎ। এর আগে প্রয়োজনীয় বিধায়কদের সমর্থনপত্র সশরীরে দেখাতে না পারায় রাজ্যপাল বিজয়ের দাবি নাকচ করে দিয়েছিলেন। তবে আজ বিকেলে নাটকীয় মোড় নেয় তামিলনাড়ুর রাজনীতি। ডিএমকের জোট শরিক ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেয় বিজয়কে।

এরপরই কংগ্রেস, ভিসিকে, সিপিআই (মার্ক্সবাদী), সিপিআই এবং আইইউএমএল নেতাদের নিয়ে রাজভবনে (লোক ভবন) যান বিজয়। তিনি রাজ্যপালের কাছে মোট ১২০ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থনপত্র পেশ করেন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ১১৮-এর চেয়ে বেশি।

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় এখন নতুন জোটে আছে টিভিকের ১০৮টি (বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় কার্যকর আসন ১০৭), কংগ্রেসের পাঁচটি, সিপিআইয়ের দুটি, সিপিআই (এম)-এর দুটি, ভিসিকের দুটি ও আইইউএমএলের দুটি আসন। সবার সমর্থন পেয়ে এখন জোটের মোট আসন হয়েছে ১২০টি।

ক্ষমতার এই নাটকীয় পালাবদলের পেছনে ছিল তীব্র দর-কষাকষি ও ভাঙনের আশঙ্কা। দলের ভাঙন এড়াতে কংগ্রেসের পাঁচজন বিধায়ককে দ্রুত হায়দরাবাদে সরিয়ে নেওয়া হয়েছিল এবং টিভিকের বিধায়কদের রাখা হয়েছিল চেন্নাইয়ের অদূরে মামাল্লাপুরামের একটি রিসোর্টে। এর মাধ্যমে তামিলনাড়ুর রাজনীতিতে ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর আবারও সেই ‘রিসোর্ট রাজনীতি’র প্রত্যাবর্তন ঘটে।

তবে সমর্থন দিলেও নতুন মন্ত্রিসভায় অংশীদারত্ব নিয়ে শরিকদের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে, ভিসিকে নতুন সরকারে উপমুখ্যমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় দাবি করছে। অন্যদিকে কংগ্রেসও দুটি মন্ত্রী পদের জন্য চাপ সৃষ্টি করছে। তবে বামপন্থী দলগুলো আগেই জানিয়েছে, তারা কেবল বাইরে থেকে সমর্থন দেবে, মন্ত্রিসভায় যোগ দেবে না।

এদিকে এনডিএ জোটের শরিক দল আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগাম (এএমএমকে) বিজয়ের দলের সমালোচনা করে অভিযোগ করেছে, সরকার গঠনের সংখ্যা মেলাতে টিভিকে এমএলএ কেনাবেচার আশ্রয় নিয়েছে।

অন্যদিকে প্রধান বিরোধী দল এআইএডিএমকের অন্দরেও বড় ধরনের ফাটল ধরার খবর পাওয়া যাচ্ছে। দলের প্রবীণ নেতা সিভি শানমুগাম দল ভেঙে তাঁর অনুগামী ৩০ জনের বেশি বিধায়ক নিয়ে বিজয় সরকারকে সমর্থন করতে পারেন বলে চেন্নাইয়ের রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। আজ চেন্নাইতে শানমুগামের বাসভবনে দলের শীর্ষ বিধায়কদের এক গোপন বৈঠক এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ও ৪ মে ঘোষিত ফলাফলে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ১০৮টি আসন পেয়ে সবাইকে চমকে দিয়েছিল বিজয়ের দল টিভিকে। এবার সব বাধা পেরিয়ে তামিলনাড়ুর মসনদে বসতে চলেছেন এই সুপারস্টার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে ৫ হত্যা: মরদেহগুলোর ওপর ছিল লিখিত অভিযোগ, যা লেখা আছে

গাজীপুরে তিন শিশুসন্তান, স্ত্রী ও শ্যালককে হত্যা: ফোনকলে স্বীকারোক্তি দিয়ে পলাতক অভিযুক্ত

গাজীপুরে গভীর রাতে একই পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে হত্যা

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ভারত, বাংলাদেশের আকাশে কি তারই ঝলকানি

সংবিধি না হওয়া পর্যন্ত ববিতে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না: সিন্ডিকেট সভার সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত