Ajker Patrika

আবারও আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান: প্রতিবেদন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৫০
আবারও আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান: প্রতিবেদন
জর্ডানের আকাশে ইরানের মিসাইল। ছবি: সংগৃহীত

আবারও আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান। দেশটির বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ স্থাপনায় এসব ক্ষেপণাস্ত্র সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন সংবাদমাধ্যমটি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ইরান মজুত থাকা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র সংযোজন করছে। পাশাপাশি দেশটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রও তৈরি করছে।

কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের বেশ কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনায় ক্ষেপণাস্ত্র উৎপাদনসংক্রান্ত তৎপরতা চলছে। এর মধ্যে দক্ষিণ-পূর্ব ইরানের খোজির ক্ষেপণাস্ত্র কারখানাও রয়েছে। ভবিষ্যতে এসব স্থাপনা যাতে আবার হামলার শিকার না হয়, সে জন্য নতুন ভূগর্ভস্থ কারখানা নির্মাণেরও চেষ্টা করছে তেহরান।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা ছিল ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য। তবে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-কে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগন দাবি করেছে, যুদ্ধের জন্য নির্ধারিত সব সামরিক লক্ষ্যই যুক্তরাষ্ট্রের বাহিনী অর্জন করেছে। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, ‘প্রতিটি সামরিক সূচকেই আমরা ইরানের সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে ধ্বংস করেছি।’

শন পারনেল আরও বলেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং এগুলো উৎক্ষেপণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। একই সঙ্গে ইরানের ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌ-শিল্পভিত্তির ৯০ শতাংশ পর্যন্ত ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে এপ্রিল মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘কার্যত ধ্বংস’ হয়ে গেছে।

তবে ইরান যে তার ক্ষেপণাস্ত্র সক্ষমতার অন্তত কিছুটা পুনর্গঠন করতে পেরেছে, তার ইঙ্গিত মিলেছে গত ৯ সেপ্টেম্বর রাতে। সেই রাতে জর্ডানে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে একাধিক আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। জর্ডানের এই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত