সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরোধিতা হারেদি ইহুদিদের, পুলিশকে ‘নাৎসি’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা

ইসরায়েলে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরোধিতা করে বিক্ষোভ করছেন কট্টর ইহুদি সম্প্রদায় হারেদির সদস্যরা। দেশটির তেল হাশোমের এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিয়োগ কার্যালয়ের বাইরে চলমান এ বিক্ষোভে নতুন করে সেনাবাহিনীতে যোগ দিতে আসা হারেদি তরুণদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাদের ‘নাৎসি’ ও ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়ে স্লোগান দেন।
ইসরায়েলি পুলিশের বরাতে জানা গেছে, অবৈধ এ বিক্ষোভের কারণে তেল হাশোমের এলাকার বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ জনতা নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে পুলিশের সঙ্গে আলোচনা ও সমঝোতার চেষ্টা সত্ত্বেও বিক্ষোভকারীরা ঘটনাস্থল ছাড়েননি।
পুলিশের ভাষ্য, ‘আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা সত্ত্বেও দাঙ্গাকারীরা ঘটনাস্থলে জড়ো হওয়া অব্যাহত রেখেছেন। তাঁরা পুলিশ কর্মকর্তাদের মুখোমুখি হচ্ছেন এবং তাঁদের লক্ষ্য করে “নাৎসি” ও “সন্ত্রাসী”র মতো শব্দ ব্যবহার করছেন।’
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল–১২ নিউজের প্রতিবেদন অনুযায়ী, আজ রোববার প্রায় ২৩০ জন হারেদি পুরুষ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তাঁদের নিয়োগকে কেন্দ্র করেই তেল হাশোমেরের সেনা নিয়োগ কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলছে। সেখানে আসা নতুন নিয়োগপ্রাপ্ত হারেদি সদস্যদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা বলে জানিয়েছে পুলিশ।
হারেদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরেই ইসরায়েলের রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার অন্যতম প্রধান কারণ। ২০২৪ সালে দেশটির হাইকোর্ট অব জাস্টিস রায় দেন, ইয়েশিভা বা ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে সার্বিকভাবে অব্যাহতি দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই। ওই রায়ের পর থেকে হারেদি সম্প্রদায়ের সদস্যদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির বিষয়ে সরকারকে বারবার চাপ দিয়ে আসছে আদালত।
সাম্প্রতিক বছরগুলোতে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তীব্র জনবল সংকটে পড়েছে বলে বারবার জানিয়েছে। এ পরিস্থিতিতে হারেদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে নিয়োগের দাবি আরও জোরালো হয়েছে।
অন্যদিকে, বাধ্যতামূলক সামরিক দায়িত্ব ও রিজার্ভ সার্ভিস পালনকারী ইসরায়েলিদের মধ্যে হারেদিদের নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়ে অসন্তোষ বাড়ছে। গত তিন বছরে অনেক ইসরায়েলি রিজার্ভ সেনাকে কয়েক শ দিন সামরিক দায়িত্ব পালন করতে হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে সামরিক দায়িত্ব পালনকারী সেনাদের ওপর বাড়তি চাপ এবং হারেদি সম্প্রদায়ের নিয়োগ-অব্যাহতির প্রশ্নটি দেশটির সমাজ ও রাজনীতিতে নতুন করে বিভাজন তৈরি করছে।
এ অবস্থায় হারেদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তি নিয়ে আদালতের চাপ, আইডিএফের জনবল সংকট এবং বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনকারীদের অসন্তোষের মধ্যে তেল হাশোমেরের এই বিক্ষোভ ইসরায়েলের চলমান রাজনৈতিক ও সামাজিক উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলেছে।









