Ajker Patrika

ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৩
ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী
অমৃতসরে ব্রিকস সদস্য দেশগুলোর নেতাদের প্রতিকৃতিতে শেষ মুহূর্তের তুলির আঁচড় দিচ্ছেন এক শিল্পী। ছবি: এএফপি

নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এ বছর ব্রিকসের সভাপতিত্ব করছে ভারত। বহুপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, খাদ্যনিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল ও বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার হবে এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়।

১২ সেপ্টেম্বর মূল নেতাদের বৈঠকে ব্রিকসের ১১ সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে অংশীদার ও আউটরিচ দেশগুলোর অধিবেশন।

ব্রিকসের ১১ পূর্ণ সদস্য

বর্তমানে ব্রিকসের পূর্ণ সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

যাঁরা আসছেন

সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং সংযুক্ত আরব আমিরাতের নেতা শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

ব্রাজিলের প্রেসিডেন্টের পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা।

অংশীদার ও আউটরিচ দেশ

অংশীদার ও আউটরিচ দেশগুলোর অধিবেশনে অংশ নেবেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল, কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং উগান্ডার ভাইস প্রেসিডেন্ট জেসিকা আলুপো।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সম্মেলন-সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নেবেন।

বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের আগে ১১ সেপ্টেম্বর ব্রিকস বিজনেস ফোরামে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ফোরামে কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, জ্বালানি, খাদ্যনিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খল নিয়ে আলোচনা হবে।

ব্যবসায়িক ফোরামের প্রতিনিধিদলে আছেন চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের (সিএনপিসি) চেয়ারম্যান দাই হাউলিয়াং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার (আইসিবিসি) চেয়ারম্যান লিন লিয়াও, চায়না কসকো শিপিংয়ের চেয়ারম্যান ওয়ান মিন এবং হুয়াওয়ে ও আলিবাবার শীর্ষ নির্বাহীরা।

এ ছাড়া এমব্রায়ার, ভালে, নাসপার্স, রাশিয়ান রেলওয়েজ ও সবারব্যাংকের প্রধান নির্বাহীরাও অংশ নেবেন।

দিল্লিতে কড়া নিরাপত্তা

সম্মেলন ঘিরে দিল্লিতে প্রায় ৩০ হাজার পুলিশ ও আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর, রাষ্ট্রপ্রধানদের হোটেল, ভারত মণ্ডপম এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত