
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চলতি অধিবেশনের মূল প্রতিপাদ্যও হলো—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।
ভাষণে খলিলুর রহমান বলেন, জাতিসংঘের সবচেয়ে বড় আঞ্চলিক সদস্যগোষ্ঠী এবং শান্তিরক্ষা কার্যক্রমের অন্যতম প্রধান অংশীদার হওয়া সত্ত্বেও আফ্রিকা নিরাপত্তা পরিষদে কোনো স্থায়ী আসন পায়নি। তাই আফ্রিকাকে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে যথাযথভাবে স্থান দিতে হবে। তিনি মত দেন, আফ্রিকার প্রতিনিধিত্বের দাবি কোনো করুণা নয়; এটি ন্যায়বিচার এবং জাতিসংঘের নিজস্ব গ্রহণযোগ্যতার প্রশ্ন।
ড. খলিলুর রহমান নিরাপত্তা পরিষদকে আরও স্বচ্ছ, প্রতিনিধিত্বশীল এবং বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে সাধারণ পরিষদের আন্তসরকারি আলোচনা প্রক্রিয়ার প্রতি সমর্থন জানান তিনি।
জাতিসংঘের প্রতি বৈশ্বিক আস্থা পুনরুদ্ধারে তিনটি বিষয়ের ওপর জোর দেন খলিলুর রহমান—নিজেদের ব্যর্থতা সম্পর্কে স্পষ্টবাদী ও বাস্তববাদী হওয়া, সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সুশীল সমাজ ও বিজ্ঞানীদের আরও বেশি সম্পৃক্ত করা।
ড. খলিলুর রহমান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের অগ্রগতি যখন থমকে আছে, তখন ‘ওইসিডি’ দেশগুলোর উন্নয়ন সহায়তা এক বছরে ২৩ শতাংশ কমে ১৭৫ বিলিয়ন ডলারে নেমেছে। বিপরীতে, বৈশ্বিক সামরিক ব্যয় প্রায় ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
গাজা, সুদান, ইউক্রেন, মিয়ানমার ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রসঙ্গ তুলে ড. খলিলুর রহমান বলেন—আন্তর্জাতিক আইন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার নীতি নির্বাচনী বা পক্ষপাতমূলকভাবে প্রয়োগ করা যাবে না।
জাতিসংঘের মাঠপর্যায়ের মানবিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ড. খলিলুর রহমান বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবির এবং হাইতিতে জাতিসংঘের মানবিক কর্মকাণ্ডের উদাহরণ দেন।
প্রযুক্তির অপব্যবহারে ইসলামভীতি, বর্ণবাদ ও বিদ্বেষমূলক বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) মানব অগ্রগতির পাশাপাশি সভ্যতার অস্তিত্বের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেন।
জল সরবরাহ, বিদ্যুৎ ও সামরিক খাতসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এআইয়ের অপব্যবহার এবং সম্ভাব্য বৈশ্বিক এআই অস্ত্র প্রতিযোগিতা ঠেকাতে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে রাষ্ট্রগুলোকে দ্রুত প্রমাণভিত্তিক বৈশ্বিক নীতিমালা ও ‘গার্ডরেল’ তৈরির আহ্বান জানান তিনি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে বিশ্বের পরাশক্তিগুলো একা নিরাপত্তা নিশ্চিত বা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবে না। আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং বিশ্ব নজিরবিহীন নানা সংকটের সম্মুখীন হচ্ছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর। তবে চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকিও দিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে নওফার মৌলভি রয়েছেন। প্রসিকিউশন তাঁকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছে। মামলায় অভিযুক্ত আরও ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। দণ্ড পরে ঘোষণা করা হবে।
৯ ঘণ্টা আগে
সৌদি আরব ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম আবারও শুরু করেছে। মঙ্গলবারই (২২ সেপ্টেম্বর) দেশটির লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি পুনরায় শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিনটি সূত্র জানিয়েছে।
১০ ঘণ্টা আগে