
গাড়ির উইন্ডস্ক্রিন বা নম্বর প্লেটের নিচে ‘ব্রাহ্মণ’, ‘ক্ষত্রিয়’ কিংবা ‘যাদব’ লেখা স্টিকার লাগানো নিষিদ্ধ করছে ভারতের বিহার রাজ্য সরকার। বিহার পরিবহন দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে, গাড়িতে জাতিবাচক শব্দ বা স্টিকার লাগানো থাকলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। এমনকি এই আইন ভাঙলে চালককে শনাক্ত করতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ক্যামেরা।
বিহার পরিবহন দপ্তর জানিয়েছে, সমস্ত যানবাহন মালিকদের আগামী এক মাসের মধ্যে তাঁদের গাড়ি থেকে জাতিগত পরিচয়বাহী যেকোনো শব্দ, বাক্যাংশ বা স্টিকার সরিয়ে ফেলতে হবে। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া স্বেচ্ছায় সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপর থেকেই রাজ্যজুড়ে শুরু হবে পুলিশের বিশেষ অভিযান।
মোটর ভেহিক্যাল অ্যাক্ট, ১৯৮৮-এর অধীনে ১৭৭ নম্বর ধারা অনুযায়ী ৫০০ রুপি এবং ১৭৯ নম্বর ধারা অনুযায়ী ২ হাজার রুপি পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে। সমস্ত জেলা পরিবহন কর্মকর্তাদের (ডিটিও) এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন রাজ্য পরিবহন কমিশনার।
নিছক অভিযান নয়, বিহার সরকার পুরো ট্রাফিক ব্যবস্থাকেই প্রযুক্তিনির্ভর করে তুলছে। রাজ্যের প্রায় ৫০০ থেকে ৭০০টি গুরুত্বপূর্ণ মোড়ে এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম (আইটিএমএস) বসানো হচ্ছে।
রাস্তায় বসানো এআই ক্যামেরাগুলো রিয়েল-টাইম ভিডিও অ্যানালিটিক্সের মাধ্যমে গাড়ির স্টিকার বা নম্বর প্লেটের কারচুপি ধরে ফেলবে। নিয়ম লঙ্ঘন করলেই সরাসরি মালিকের কাছে চলে যাবে ই-চালান।
ট্রাফিক আইন ভাঙা শনাক্তের পাশাপাশি এই সিস্টেমে থাকবে ফেসিয়াল রিকগনিশন বা মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি। এর মাধ্যমে বারবার নিয়ম ভাঙা চালকদের এবং অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহজেই চিহ্নিত করা যাবে।
প্রাথমিক পর্যায়ে পাটনা, গয়া, ভাগলপুর, মুজফফরপুর এবং দ্বারভাঙার মতো প্রধান শহরগুলোতে ১ হাজারের বেশি ক্যামেরা লাগানো হচ্ছে। এই পুরো ব্যবস্থাটি একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার থেকে নিয়ন্ত্রণ করা হবে। ৪২টি দেশি-বিদেশি কোম্পানি ইতিমধ্যে এই প্রযুক্তিতে আগ্রহ দেখিয়েছে।
ভারতে বিশেষ করে উত্তর ভারতে গাড়িতে জাতের (বর্ণ) নাম লিখে আভিজাত্য বা প্রভাব প্রদর্শন করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। সরকারের মতে, এই ধরনের প্রদর্শন অনেক সময় সাম্প্রদায়িক বা জাতিগত বিভেদকে উসকে দেয়। পাশাপাশি এটি ট্রাফিক আইনেরও পরিপন্থী। নিতীশ কুমারের সরকারের এই পদক্ষেপ সামাজিক ভারসাম্য বজায় রাখতে এবং ট্রাফিক আইনকে আরও স্বচ্ছ করতে বড় ভূমিকা নেবে বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকেরা।

ইরানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র খাড়গ দ্বীপের অদূরে পারস্য উপসাগরে একটি বিশাল তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস সেন্টিনেল উপগ্রহের পাঠানো সাম্প্রতিক ছবিতে এই চিত্র ধরা পড়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন নৌ-অবরোধের মুখে থাকা...
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। জানা গেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি যৌথ বহুজাতিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৪ ঘণ্টা আগে
অবশেষে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন তামিলগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আজ শনিবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
৫ ঘণ্টা আগে
নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘ প্রায় দুই দশকের মধ্যে এই প্রথম মস্কোর বিজয় দিবসের প্যারেডে কোনো সাঁজোয়া যান, ভারী ট্যাংক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি। রুশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলার আশঙ্কায় আয়োজন সীমিত করা হয়েছে।
৮ ঘণ্টা আগে