Ajker Patrika

বিএনপিকে অভিনন্দন, নতুন সরকারের সঙ্গে কাজ করতে ‘উন্মুখ’ চীন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ২৪
বিএনপিকে অভিনন্দন, নতুন সরকারের সঙ্গে কাজ করতে ‘উন্মুখ’ চীন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী দল-বিএনপির জয়ে শুভেচ্ছা জানিয়েছে চীন। বাংলাদেশে চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।

আজ শুক্রবার সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা পোস্টে চীনা দূতাবাস বলেছে, ‘১৩তম জাতীয় সংসদ নির্বাচন সুচারু ও সফল হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য উন্মুখ।’

এর আগে বিএনপিকে শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বাংলাদেশের জনগণকে পবিত্র রমজানের আগাম শুভনন্দন জানিয়ে মমতা লেখেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ে বিএনপি এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মমতা লেখেন, ‘বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’

মমতা আশাবাদ ব্যক্ত করে লেখেন, ‘আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সফলতার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী পোস্টে বলেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত