
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশিকে। আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির দপ্তর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পাশাপাশি নতুন দায়িত্ব বণ্টনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নয়াদিল্লির যন্তর মন্তরে টানা আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান আজ পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য তিনি চার দশকের বেশি সময় ধরে কাজ করেছেন। তিনি সব সময় বিশ্বাস করেছেন, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষাব্যবস্থা একটি শক্তিশালী জাতির ভিত্তি।
পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, এই পরিস্থিতিকে ‘দেশবিরোধী শক্তি’ যাতে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে কারণেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিন দফা বৈঠকের পর দলটির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জানান, সরকারের আশ্বাসের ভিত্তিতে তারা ‘সদিচ্ছার সঙ্গে’ আন্দোলন প্রত্যাহার করছেন।
সৌরভ দাস বলেন, ‘সরকার যে শর্তগুলো মেনে নিয়েছে, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে—এই বিশ্বাস থেকেই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত ৬ জুন শুরু হওয়া এই আন্দোলন টানা ৪৯ দিন চলে। সিজেপির তিনটি প্রধান দাবি ছিল—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে করা সব এফআইআর ও মামলা প্রত্যাহার এবং নিট প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণ।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে প্রথম দাবি পূরণ হয়েছে বলে জানায় সিজেপি। পরে এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, কেন্দ্র তাদের সব দাবি মেনে নেওয়ায় তারা তাৎক্ষণিকভাবে দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করছে।
দলটির দাবি, সরকারের সঙ্গে হওয়া সমঝোতার আওতায় নিট-সংক্রান্ত আত্মহত্যার শিকার শিক্ষার্থীদের পরিবারের জন্য সর্বোচ্চ সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার ও এনডিএ-শাসিত রাজ্যগুলোতে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতে আন্দোলনে অংশ নেওয়া কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। পরীক্ষা সংস্কারসংক্রান্ত তাদের পাঁচ দফা প্রস্তাবও সরকার বিবেচনা করবে এবং এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হবে।
সৌরভ দাস বলেন, ‘শুধু দিল্লি নয়, বিজেপি ও তাদের মিত্রদের শাসিত সব রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও সরকার মেনে নিয়েছে।’
সৌরভ দাস জানান, দিল্লিতে দায়ের করা ১৫ থেকে ২০টি এফআইআরের কপি আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না—এ বিষয়ে লিখিত নিশ্চয়তা চেয়ে সরকারের কাছে একটি খসড়াও জমা দিয়েছে সিজেপি। সরকারের পক্ষ থেকে মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার কথা জানানো হয়েছে।
ক্ষতিপূরণের বিষয়ে আশুতোষ রাঙ্কা বলেন, নিট প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। সরকার জানিয়েছে, বিদ্যমান নিয়ম অনুযায়ী সম্মানসূচক ক্ষতিপূরণ দেওয়া হবে।
এদিকে সিজেপি সরকারের কাছে শিক্ষা ও পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে পাঁচ দফা প্রস্তাবও তুলে ধরেছে। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, সরকার ওই প্রস্তাবগুলো পর্যালোচনা করবে এবং এ বিষয়ে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে আরও আলোচনা করবে।
আগামী চার সপ্তাহের মধ্যে দুই পক্ষের মধ্যে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এক দিন আগে প্রহ্লাদ জোশি বলেছিলেন, সরকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কিছু ‘সমাজবিরোধী’ গোষ্ঠী সিজেপির আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে।
গতকাল শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের প্রহ্লাদ জোশি বলেন, ‘মোদি সরকার সব সময় শিক্ষার্থী ও তরুণদের পাশে রয়েছে এবং তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার রয়েছে। তবে কিছু সমাজবিরোধী গোষ্ঠী আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাই শিক্ষার্থীদের সতর্ক থাকা উচিত, যাতে তাদের প্রকৃত দাবিগুলো অন্য কেউ কাজে লাগাতে না পারে।’

সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার দেইর আল-জোর থেকে রাজধানী দামেস্কগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে (সানা) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষে ৩৫ জনের প্রাণ গেছে। আহতদের মধ্যে...
৩ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিতসাগর উপকূলে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি-সমর্থিত বাহিনী ইয়েমেনে হুতিদের অবস্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে। এর ফলে উপসাগরীয় যুদ্ধ নতুন এক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ...
৩ ঘণ্টা আগে
টানা ৪৯ দিনের আন্দোলনের পর অবশেষে দিল্লির যন্তর মন্তরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আশ্বাস এবং নিট (এনইইটি) প্রশ্নপত্র...
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজনৈতিকভাবে ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ প্রায় তিন দশক আগে ওডিশায় উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলন করেই জাতীয় রাজনীতিতে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন ধর্মেন্দ্র প্রধান...
৬ ঘণ্টা আগে