
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট রয়েছে বলে দেশটির সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে। আদালত নিযুক্ত ‘আমিকাস কিউরি’ (আইনি সহায়তাকারী) ব্যারিস্টার সালমান সাফদার গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ শেষে গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন জমা দেন।
সাত পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাস ধরে ইমরান খান বারবার চোখে ঝাপসা দেখার অভিযোগ করলেও জেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
এর আগে পিটিআইয়ের বরাতে প্রকাশিত একটি মেডিকেল রিপোর্ট থেকে জানা যায়, ইমরান খানের ডান চোখের রেটিনার রক্তনালিতে ব্লকেজ বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। এর ফলে রেটিনা থেকে রক্ত ঠিকমতো বের হতে পারে না, যা দৃষ্টিশক্তি ঝাপসা করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের চিকিৎসা দ্রুত ও বিশেষায়িত হাসপাতালে না করা হলে আক্রান্ত চোখটি স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারে।
ব্যারিস্টার সাফদার জানান, সাক্ষাৎকারের সময় ৭৩ বছর বয়সী এই সাবেক বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ককে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল। তাঁর চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল এবং কথা বলার সময় তিনি বারবার টিস্যু ব্যবহার করছিলেন।
প্রতিবেদনটি পাওয়ার পর পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ইমরান খানের স্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে হস্তক্ষেপ প্রয়োজন। আদালত অবিলম্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম গঠন করে তাঁর চোখ পরীক্ষার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ১৬ ফেব্রুয়ারির মধ্যে লন্ডনে অবস্থানরত দুই ছেলের সঙ্গে তাঁকে ফোনে কথা বলার সুযোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
ইমরান খানের দল পিটিআই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের কোনো ক্ষতি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এর দায়ভার নিতে হবে। দলটির দাবি, অবিলম্বে ইমরান খানকে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে একটি মানসম্মত হাসপাতালে স্থানান্তরিত করতে হবে।
উল্লেখ্য, ২০২২ সালে সংসদীয় অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। এরপর তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়। তিনি ২০২৪ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। বর্তমানে ইমরান খান ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা খাটছেন। তাঁর স্ত্রী বুশরা বিবিও একই মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত।
ইমরান খান ২০১৮ সালের আগস্ট থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের ১৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তথ্যসূত্র: আল-জাজিরা

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে, তখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কেউ জীবিত মার্কিন পাইলটকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন...
৬ ঘণ্টা আগে
ইরানের ভূখণ্ডে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দক্ষিণ ইরানে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র নিচে তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে
এই যুদ্ধবিমানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর দুই আসনবিশিষ্ট ককপিট। সামনের আসনে পাইলট বসে বিমানটি নিয়ন্ত্রণ করেন। পেছনের আসনে বসেন একজন ক্রু। তাঁর সামনে চারটি স্ক্রিন থাকে ও তাঁর প্রধান কাজ হলো লক্ষ্যবস্তু নির্বাচন করা এবং প্রতিটি হামলার জন্য অস্ত্রগুলোকে সঠিকভাবে প্রোগ্রাম করা।
৮ ঘণ্টা আগে
ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৮ ঘণ্টা আগে