
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের দৃষ্টি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইমরান খান সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) নামক একটি চোখের সমস্যায় ভুগছেন। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে তিনি তাঁর ডান চোখের দৃষ্টি চিরতরে হারিয়ে ফেলতে পারেন।
পিটিআইয়ের বরাতে প্রকাশিত মেডিকেল রিপোর্ট অনুযায়ী, ইমরান খানের ডান চোখের রেটিনার রক্তনালিতে ব্লকেজ বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। এর ফলে রেটিনা থেকে রক্ত ঠিকমতো বের হতে পারে না, যা দৃষ্টিশক্তি ঝাপসা করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের চিকিৎসা দ্রুত এবং বিশেষায়িত হাসপাতালে না করা হলে আক্রান্ত চোখটি স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারে।
পিটিআইয়ের মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারি এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, এটি অত্যন্ত গুরুতর এবং দ্রুত অবনতিশীল একটি সমস্যা। সিআরভিওর জন্য তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন। সামান্য বিলম্বও অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে।
কিন্তু পিটিআই, ইমরান খানের আইনজীবী ও তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মাসের পর মাস তাঁদের দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি তাঁর ব্যক্তিগত চিকিৎসকের কাছেও তাঁকে যেতে দেওয়া হচ্ছে না।
ইমরান খানের বোন উজমা খানম ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি কয়েক সপ্তাহ ধরে তাঁর ভাইকে দেখেননি এবং তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হচ্ছে না।
এদিকে পিটিআইয়ের উদ্বেগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিআইএমএস বা পিমস) একদল সরকারি ডাক্তার আদিয়ালা কারাগারে ইমরান খানকে পরীক্ষা করেছেন। তবে এই পরীক্ষার ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পাঞ্জাব সরকার জানিয়েছে, ডাক্তাররা রিপোর্ট জমা দেওয়ার পর বিস্তারিত জানানো হবে।
এদিকে আজ বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, গত ২৪ জানুয়ারি রাতে ইমরান খানকে ইসলামাবাদের পিমস হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে ২০ মিনিটের একটি চিকিৎসা প্রক্রিয়া শেষে তাঁকে আবারও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আতাউল্লাহ তারার জানান, আদিয়ালা জেলে চক্ষু বিশেষজ্ঞরা ইমরান খানকে পরীক্ষা করার পর তাঁকে পিমস হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, ‘পিমস হাসপাতালে তাঁর চোখের আরও বিশদ পরীক্ষা করা হয় এবং তাঁর আবেদনের ভিত্তিতেই ২০ মিনিটের একটি চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।’
তিনি আরও জানান, জেল কোড অনুযায়ী সব কয়েদিই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাওয়ার অধিকারী এবং ইমরান খানের ক্ষেত্রেও সেই নিয়ম মেনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে সরকার ‘ইমরান খানের সুস্থতা দাবি করলেও পিটিআই এবং অন্য দলগুলোর নেতারা মনে করছেন, কারাগারের ভেতরে সিআরভিওর মতো জটিল রোগের চিকিৎসা সম্ভব নয়। কারণ, এর জন্য বিশেষায়িত অপারেশন থিয়েটার এবং বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন। কারাবন্দী পাঁচজন পিটিআই নেতা এক খোলা চিঠিতে ইমরান খানকে তাঁর পছন্দের হাসপাতালে ভর্তি করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালে সংসদীয় অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। এরপর তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়। তিনি ২০২৪ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। বর্তমানে ইমরান খান ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা খাটছেন। তাঁর স্ত্রী বুশরা বিবিও একই মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত।

দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা হিসেবে পরিচিত উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলো। তেল-সমৃদ্ধ এই রাষ্ট্রগুলো বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় এক-পঞ্চমাংশের জন্য দায়ী। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম—সবই তারা মূলত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে...
১৮ মিনিট আগে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিদ্ধান্ত দেশজুড়ে বিরল জনবিক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ছয় মাস আগে নিয়োগ পাওয়া জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে হঠাৎ পদচ্যুত করায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়।
১ ঘণ্টা আগে
ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা বই, গবেষণাপত্র ও একাডেমিক প্রকাশনা পর্যালোচনার সরকারি নির্দেশকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, এটি একাডেমিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং কাশ্মীরের ইতিহাসকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা।
২ ঘণ্টা আগে