
দেশের স্বাস্থ্য খাতে শুধু বাজেট বৃদ্ধি নয়, বরং বরাদ্দ করা অর্থের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি ও আর্থিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী না হলে বাজেট বৃদ্ধির সুফল সাধারণ মানুষ পাবে না।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা উঠে আসে। ‘স্বাস্থ্য বাজেট: অধিক বরাদ্দ ও সঠিক বাস্তবায়নের প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা আয়োজন করে পাবলিক ইন্টিগ্রিটি নেটওয়ার্ক ফর এভিডেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি (পাইনেট)।
আলোচনায় ‘বিয়ন্ড বাজেট অ্যালোকেশন: এনসিউরিং ইফেকটিভ ইউটিলাইজেশন’ শীর্ষক নীতিপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদ। তিনি বলেন, স্বাস্থ্য বাজেট এমন হতে হবে, যা বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত সেবা নিশ্চিত করে। একই সঙ্গে সরকারি ব্যয় বৃদ্ধি, সম্পদের ন্যায্য বণ্টন ও কাঠামোগত সংস্কার জরুরি।
সৈয়দ আবদুল হামিদ আরও বলেন, বাজেট বাড়লেও অনেক ক্ষেত্রে বরাদ্দ অর্থ পুরোপুরি ব্যবহার করা যায় না। এর পেছনে রয়েছে খণ্ডিত প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা, সেবার পুনরাবৃত্তি, ক্রয়ব্যবস্থার দুর্বলতা, দক্ষ জনবলের ঘাটতি, ওষুধ সরবরাহে সীমাবদ্ধতা ও প্রশাসনিক সমন্বয়ের অভাব।
অধ্যাপক আবদুল হামিদ বলেন, বাজেট বাড়ানোর আগে বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের সক্ষমতা ও জবাবদিহি বাড়াতে হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের সঙ্গে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুরক্ষাকাঠামো যুক্ত করারও প্রস্তাব দেন তিনি, যা জরুরি চিকিৎসা, মাতৃস্বাস্থ্য, দুর্ঘটনা ও জটিল রোগের চিকিৎসায় আর্থিক সুরক্ষা দেবে।
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সাবেক সদস্য আবু মুহাম্মদ জাকির হোসাইন বলেন, যে খাতে ব্যয় সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে বরাদ্দ তুলনামূলকভাবে কম। পরিচালন ও উন্নয়ন বাজেট—উভয় ক্ষেত্রেই কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, সাধারণ মানুষ কম খরচে পরীক্ষা ও ওষুধ চান, কিন্তু বাস্তবে আর্থিক চাপের কারণে এটি অনেকের জন্য সম্ভব হয় না। উন্নয়ন বরাদ্দেরও পূর্ণ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
জামায়াতে ইসলামী থেকে জাতীয় সংসদের সদস্য মোসলেহউদ্দিন ফরিদ বলেন, চিকিৎসাব্যবস্থায় রোগীর প্রয়োজন অনুযায়ী ওষুধ ও পরীক্ষা নির্ধারণে তদারকি বাড়ানো জরুরি। একই সঙ্গে প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, অনেক মানুষের ক্ষেত্রে চিকিৎসা নিতে যাতায়াত ব্যয়ই বড় বাধা হয়ে দাঁড়ায়। এ বাস্তবতা বিবেচনায় না নিলে স্বাস্থ্যসেবার টেকসই উন্নয়ন সম্ভব নয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, বছর বছর নামমাত্র নয়, বরং শতাংশ হারে স্বাস্থ্য বাজেট কতটা বাড়ছে, তা গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা বিনা মূল্যে নিশ্চিত করা উচিত এবং এ খাতেই অধিক বিনিয়োগ প্রয়োজন।
বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব জহিরুল ইসলাম শাকিল বলেন, উপজেলা পর্যায়ের অনেক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও নার্সদের আবাসনের পর্যাপ্ত ব্যবস্থা নেই, যা সেবা প্রদানে বাধা সৃষ্টি করছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার টিকার তথ্য ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং জেলাওয়ারি ডেটা প্রকাশের আহ্বান জানান।
গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য সুলতানা জেসমিন। তিনি বলেন, স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং নাগরিকদের স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ রয়েছে।
পাইনেটের কো-অর্ডিনেটর নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন চাইল্ড ইউরোলজিস্ট ও স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ শাদরুল আলম, টিকা বিশেষজ্ঞ তাজুল ইসলাম এ বারী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিব্বির আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইজিএম) সহযোগী অধ্যাপক জোবায়ের আহমেদ, ন্যাশনাল ডক্টরস ফোরামের দপ্তর সম্পাদক এ কে এম জিয়াউল হকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্য অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষকেরা।

‘মাতৃদুগ্ধের বিকল্প নেই’—এটি বিশেষ করে নবজাতক এবং ছয় মাসের কম বয়সী শিশুদের বাবা-মায়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা। মায়ের দুধ থেকে শিশু প্রয়োজনীয় পুষ্টি ও প্রাথমিক রোগ প্রতিরোধক্ষমতা অর্জন করে। কিন্তু দেশে ছোট শিশুদের একচেটিয়া মাতৃদুগ্ধ পানের হার (শুধু মায়ের দুধ পান করা) সাম্প্রতিক...
৮ ঘণ্টা আগে
থাইরয়েড গ্রন্থি শরীরের বিপাকের হার, হৃৎস্পন্দন, রক্তচাপ, ওজন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ গ্রন্থির সমস্যায় হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড ক্যানসারের মতো জটিলতা দেখা দিতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে থাইরয়েডজনিত রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
১০ ঘণ্টা আগে
কঙ্গোতে (গণপ্রজাতন্ত্রী কঙ্গো) ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, প্রাথমিক ধারণার চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
১২ ঘণ্টা আগে
২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটিকালীন সময়ে হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু রেখে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে...
১৫ ঘণ্টা আগে