Ajker Patrika

ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৬: ৫২
ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২
ফাইল ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৭২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন ঢাকা সিটির বাইরের হাসপাতালে, দুজন উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ও ময়মনসিংহে একজন করে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতেও মারা যায় দুজন। এরপর মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছে ৯৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৪২ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮৭২ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২২৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩২৩ জন। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩১৯ জন।

ঢাকার বাইরে বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে চট্টগ্রামে, ২৬০ জন। এ ছাড়া খুলনায় ২৩৩, বরিশালে ১৯৯, রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ৬৭, রংপুরে ৫৯ এবং সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১০ হাজার ৩১২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪ হাজার ১৯৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত