দৈনন্দিন শরীরচর্চায় ১০ হাজার কদম হাঁটা কিংবা খাদ্যাভ্যাসে দিনে অন্তত ৫টি ফল ও সবজি খাওয়ার নিয়মের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। তবে বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে সম্প্রতি সবচেয়ে জনপ্রিয় ও বিজ্ঞানভিত্তিক একটি নতুন বিষয় সাড়া ফেলেছে। সেখানে বলা হচ্ছে, প্রতি সপ্তাহে অন্তত ৩০টি ভিন্ন ধরনের উদ্ভিজ্জ খাবার বা প্ল্যান্ট খাওয়ার কথা। এ কথা প্রথমে শুনলে বেশ কঠিন মনে হতে পারে। তবে পুষ্টিবিজ্ঞানীদের মতে, সঠিক পরিকল্পনা ও খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলে এই লক্ষ্য অর্জন করা সহজ।
বৈজ্ঞানিক ভিত্তি
এই লাইফস্টাইল ট্রেন্ডের সূচনা হয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সং দিয়েগোর সেন্টার ফর মাইক্রোবায়োম ইনোভেশনের পরিচালক অধ্যাপক রব নাইটের নেতৃত্বাধীন একটি গবেষণা থেকে। সে গবেষণায় দেখা যায়, যাঁরা সপ্তাহে অন্তত ৩০টি ভিন্ন ধরনের উদ্ভিজ্জ খাবার গ্রহণ করেন, তাঁদের অন্ত্রের অণুজীব বা গাট মাইক্রোবায়োম অনেক বেশি বৈচিত্র্যময় ও সুস্থ থাকে। অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার এই বৈচিত্র্য শরীরের ইনফ্ল্যামেশন বা তীব্র প্রদাহ কমায়, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং দীর্ঘায়ু অর্জনে সাহায্য করে।
যেসব খাবারে মিলবে প্ল্যান্ট পয়েন্ট
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের পুষ্টিবিজ্ঞানী ড. ফেডেরিকা আমাতির মতে, উদ্ভিজ্জ খবারের তালিকায় শুধু প্রচলিত শাকসবজি নয়, বরং প্রধান ছয় ক্যাটাগরির খাবার যুক্ত হতে পারে। সেগুলো হলো—
ফলমূল: আপেল, কলা, পেয়ারা।
শাকসবজি: গাজর, পালংশাক, ফুলকপি, মিষ্টি আলু ও টমেটো।
গোটা শস্য: লাল চাল, ওটস, বার্লি ও লাল আটা।
শিম ও ডালজাতীয় খাবার: মসুর ডাল, ছোলা, রাজমা ও মটরশুঁটি।
বাদাম ও বীজ: কাঠবাদাম, কাজুবাদাম, চিয়া সিড, তিল ও কুমড়ার বীজ।
মসলা ও ভেষজ: হলুদ, দারুচিনি, জিরা, ধনেপাতা ও গোলমরিচ।
লক্ষ্য অর্জনের সহজ কিছু কৌশল
- সকালে নিয়মিত ওটস বা সিরিয়ালের সঙ্গে প্রতিদিন ভিন্ন ফল (কলা, আপেল বা ব্লুবেরি) এবং সামান্য চিয়া সিড রাখতে হবে।
- ভাতের সঙ্গে সামান্য সবুজ সালাদ এবং শসা-টমেটো যুক্ত করুন।
- একঘেয়ে তরকারিতে ডাল, মটরশুঁটি বা ক্যাপসিকাম মিশিয়ে রান্না করুন।
- রান্নায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক ভেষজ ও মসলার ব্যবহার বৃদ্ধি করুন।
- প্রতিদিন একই খাবার না খেয়ে সপ্তাহের বাজারের তালিকায় নতুন কোন ডাল, বাদাম কিংবা শাকসবজি যুক্ত করা আপনার অন্ত্রের স্বাস্থ্য সুরক্ষার মূল চাবিকাঠি।
সূত্র: বিবিসি হেলথ










