Ajker Patrika

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত
নিহত নাজিম উদ্দিন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে চাচাতো ভাই মাসুম মিয়াসহ তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। শনিবার সকালে বিয়ের ওয়ালিমার দাওয়াত দিতে নাজিম উদ্দিন চাচাতো ভাই মাসুম মিয়ার বাড়িতে গেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ও তাঁর ভাইয়েরা নাজিম উদ্দিনের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সাজিয়া বেগম অভিযোগ করে বলেন, ‘মাসুমের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা করেন। তাঁরা ছুলফি দিয়ে আমার ভাইয়ের বুকে উপর্যুপরি আঘাত করে তাঁকে হত্যা করেছেন। আমি তাঁদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।’

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, নাজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত