
‘এবারে এসএসসি ২০২৪ পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষামন্ত্রীকে এসএমএস দিলেন অভিভাবকেরা’—এমন শিরোনামের একটি শর্ট ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে। সম্প্রতি মুহাম্মদ নাঈম হোসাইন (MD: Nayeem Hossain) নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করা হয়। ৩ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগো রয়েছে। এখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সংবাদ সম্মেলন করতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শিক্ষামন্ত্রী কি বললেন জেনে নিন এবং আপনার মতামত কমেন্টে বলে যান।’
আজ রোববার (৩ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত ভিডিওটি ২ লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি টিকটকে দেড়শটি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১১ হাজারের বেশি।
ভাইরাল ভিডিওটি কিসের?
টিকটকে ভাইরাল ভিডিওটিতে থাকা বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভির লোগোর সূত্রে সম্প্রচার মাধ্যমটির ইউটিউবে পোস্ট করা মূল ভিডিওটি পাওয়া যায়। এটি গত ১৫ ফেব্রুয়ারি “‘কিছু করা যাবে?” লিখে শিক্ষামন্ত্রীকে এসএমএস’ শিরোনামে পোস্ট করা হয়েছে। এটি ছিল এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গত ১০ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় অনৈতিক সুবিধা পেতে তাঁকে অভিভাবকদের এসএমএস পাঠানোর বিষয় সামনে আনেন।
তিনি বলেন, ‘এ বছর আমি মোবাইলে অনেক মেসেজ পেয়েছি। কারো সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কিছু কী করা যাবে? এমন কি রোল নম্বরও দিয়েছে। আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে! যেখানে মন্ত্রী পর্যায়ে মেসেজ করে বলা হচ্ছে, সন্তানের রোল নম্বর এত, সে এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়েছে। আপনি কিছু করতে পারেন কি না!’
সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘একটা গোষ্ঠী পরীক্ষার সময় সরকারের দক্ষতা প্রশ্নবিদ্ধ করতে রাজনৈতিক মানসিকতা থেকে অপপ্রচার করে। আরেকটি গোষ্ঠী প্রতারণা করে, প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে। অথচ প্রশ্ন ফাঁস হয়নি।’
সংবাদ সম্মেলনে মূল্যায়ন পদ্ধতি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, ওইদিনই সারা দেশে একযোগে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। আগের ঘোষণা অনুযায়ী ওইদিন কেন্দ্র পরিদর্শনে না গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী।
অর্থাৎ শিক্ষামন্ত্রী মাধ্যমিক পরীক্ষা শুরু উপলক্ষে পরীক্ষা শুরুর দিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনৈতিক সুবিধা পেতে তাঁকে অভিভাবকদের এসএমএস পাঠানোর ব্যাপারে কথা বলেন। ওই সংবাদ সম্মেলনের ফুটেজের খণ্ডিত অংশ ব্যবহার করে এসএসসি ২০২৪ পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষামন্ত্রীকে এসএমএস দিয়েছেন অভিভাবকেরা— দাবিতে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে।

মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবুকে জনগণ গণপিটুনি দিয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Prime New Fanny Bd’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়...
৩ ঘণ্টা আগে
এখন ২০২৬ সাল। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ইথিওপিয়া নিয়ে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে—সারা দুনিয়ায় এখন ২০২৬ সাল চললেও ইথিওপিয়ায় কেবল ২০১৯ সাল শুরু হয়েছে। একই সঙ্গে দাবি করা হচ্ছে, দেশটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে ৭ থেকে ৮ বছর পিছিয়ে এবং প্রায় ১ হাজার ৫০০ বছরের পুরোনো নিজস্ব...
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
৪ দিন আগে
সম্প্রতি একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে—ছবিটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের।
৪ দিন আগে