
সম্প্রতি পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবার তাঁর শারীরিক অবস্থা ও কারাগারে চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ইসলামাবাদের একটি হাসপাতালে ইমরান খানের সম্প্রতি চিকিৎসাধীন থাকার একটি দৃশ্য।
‘Anwar Viwes’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১১ আগস্ট একটি ছবি শেয়ার করা হয়। পোস্টের ক্যাপশনে উর্দু ভাষায় বলা হয়, ‘PIMS হাসপাতালে ইমরান খানের সাম্প্রতিক ছবি। তাঁর চেহারা দেখে মনে হচ্ছে, তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে’।
একই দাবিতে ‘ زہـــرہ لیــاق ’ নামের এক্স অ্যকাউন্টেও একটি পোস্ট করা হয়। ছড়িয়ে পড়া ওই পোস্টে আজ ১৮ আগস্ট বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ৪ হাজার ৩০০ রিয়েকশন, ৫২৫ কমেন্ট ও ১ হাজার শেয়ার রয়েছে।
প্রচারিত ছবিতে দেখা যায়, হাসপাতালের একটি বিছানায় ইমরান খান শুয়ে আছেন এবং তাঁর পাশে একজন চিকিৎসকসহ আরও কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।
দাবিটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধান করা হলে পাকিস্তান বা আন্তর্জাতিক কোনো মূলধারার গণমাধ্যমে ইমরান খানের এমন হাসপাতালে ভর্তির খবরের সত্যতা মেলেনি। তবে অনুসন্ধানে জানা যায়, গত ৬ আগস্ট সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলাইমান ঈসা খান বাবার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘ সাত মাস ধরে ইমরান খানকে তাঁর পরিবার, চিকিৎসক বা আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গত ১৫ জুন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস (পিআইএমএস) কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তিনি নির্ধারিত চোখের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন এবং পরীক্ষা শেষে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল পাওয়া যায়। তবে ওই সময়েও হাসপাতাল কর্তৃপক্ষ ইমরান খানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি।
প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, হাসপাতালের বিছানায় থাকা ইমরান খানের মাথার পেছনে একটি টয়লেট রোল ডিসপেনসার দেখা যায়, যা সন্দেহ তৈরি করে। এ ছাড়া গুগল ম্যাপে থাকা পিআইএমএস হাসপাতালের কক্ষের ছবির সঙ্গে ভাইরাল ছবির কক্ষের মিল নেই।
অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী টুল দিয়ে ছবিটি পরীক্ষা করা হয়। OpenAI-এর ভেরিফিকেশন টুল বিশ্লেষণে ছবিটির মধ্যে SynthID watermark পাওয়া যায়, যা এআই দিয়ে তৈরি ছবির মধ্যে থাকা একটি ডিজিটাল সংকেত। পাশাপাশি এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশনের বিশ্লেষণেও ছবিটিকে এআই-নির্মিত হিসেবে শনাক্ত করে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে কারাবন্দি থাকা সাবেক এই প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হলেও তাঁরা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন ইমরান খানের দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি বাস্তব নয়; এটি এআই দিয়ে তৈরি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রাষ্ট্রপতির চেয়ারে’ বসেছিলেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৬ ঘণ্টা আগে
‘নাটোরে বীর মুক্তিযোদ্ধা মহসিনের ঘরবাড়িতে জামায়াত-শিবিরের পাকিস্তানি বাহিনী আগুন দিয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
‘কলকাতা বিমানবন্দরের কাছে ১৩৬ বছরের পুরোনো গৌরী জামে মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ভিডিওটি শেয়ার (১, ২) করে দাবি করেছেন, মন্দির নির্মাণের জন্য মসজিদটি ভেঙে ফেলা হয়েছে।
৩ দিন আগে
মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবুকে জনগণ গণপিটুনি দিয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Prime New Fanny Bd’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়...
৪ দিন আগে