
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রাষ্ট্রপতির চেয়ারে’ বসেছিলেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘Channel 32 News’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আলোচিত দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়। ক্যাপশনে বলা হয়, ‘প্রটোকলের একি বেহাল দশা! কে প্রধানমন্ত্রী আর কে রাষ্ট্রপতি—বসবার আগে এতটুকু খেয়াল করারও ন্যূনতম কাণ্ডজ্ঞান নেই!... রাষ্ট্রপতির পেছনের পতাকার বিপরীতে প্রধানমন্ত্রীর এবং প্রধানমন্ত্রীর পতাকার বিপরীতে রাষ্ট্রপতির আসন নেওয়ার এই দৃশ্যকে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা তীব্র হাস্যরস ও দায়িত্বজ্ঞানহীনতা হিসেবেই তুলোধুনো করছেন।’
পোস্টটিতে ১১ হাজারের বেশি রিঅ্যাকশন, ১ হাজার ৫০০টি কমেন্ট ও তিন হাজারের বেশি বার শেয়ার দেখা যায়। কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করে কমেন্ট করেছেন।
প্রচারিত ভিডিও ও ফটোকার্ডে দেখা যায়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চেয়ারে বসেছেন, তার পেছনে বাংলাদেশের পতাকা রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পেছনে ‘রাষ্ট্রপতি’ লেখা একটি পতাকা রয়েছে দেখা যায়। এ দৃশ্য থেকেই দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন।
ছড়িয়ে পড়া দাবির বিষয়ে অনুসন্ধানে দেশের বিভিন্ন মূলধারার গণমাধ্যমে একই ছবি ও ভিডিওসহ প্রতিবেদন পাওয়া যায়। তাহলে কি প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন—দাবিটি সঠিক?
দাবির সত্যতা যাচাইয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের (বঙ্গভবন) পূর্ববর্তী বিভিন্ন সৌজন্য সাক্ষাতের অফিশিয়াল ছবি ও ভিডিও পর্যালোচনা করে আজকের পত্রিকা ফ্যাক্টচেক টিম।
জাতীয় দৈনিক ‘প্রথম আলো’য় প্রকাশিত ‘রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ’ শীর্ষক প্রতিবেদনে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের একটি ছবি পাওয়া যায়। সেই ছবিতে দেখা যায়, সেনাপ্রধানের বসা চেয়ারের ঠিক পেছনে ‘রাষ্ট্রপতি’ লেখা পতাকা ও রাষ্ট্রপতির বসা চেয়ারের পেছনে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে।

একই প্রটোকল দেখা যায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের ছবিগুলোতেও। শেখ হাসিনার বসা চেয়ারের পেছনের পতাকায় ‘রাষ্ট্রপতি’ লেখা পতাকা ও রাষ্ট্রপতির পেছনে ছিল জাতীয় পতাকা।
এমনকি দেশি-বিদেশি বিভিন্ন কূটনীতিক ও অতিথিদের সঙ্গে বঙ্গভবনের বৈঠকের সময়ও একই ধরনের আসনবিন্যাস দেখা যায়। অর্থাৎ, বঙ্গভবনের এই প্রটোকল বা আসনবিন্যাস নতুন কোনো ঘটনা নয়। এটি দীর্ঘদিনের প্রচলিত সরকারি প্রটোকলচর্চা।


বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির আসনে বসেছিলেন বলে যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয়। বরং, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিজ নিজ নির্ধারিত চেয়ারেই বসেছিলেন।

‘নাটোরে বীর মুক্তিযোদ্ধা মহসিনের ঘরবাড়িতে জামায়াত-শিবিরের পাকিস্তানি বাহিনী আগুন দিয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
‘কলকাতা বিমানবন্দরের কাছে ১৩৬ বছরের পুরোনো গৌরী জামে মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ভিডিওটি শেয়ার (১, ২) করে দাবি করেছেন, মন্দির নির্মাণের জন্য মসজিদটি ভেঙে ফেলা হয়েছে।
২ দিন আগে
মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবুকে জনগণ গণপিটুনি দিয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Prime New Fanny Bd’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়...
৩ দিন আগে
এখন ২০২৬ সাল। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ইথিওপিয়া নিয়ে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে—সারা দুনিয়ায় এখন ২০২৬ সাল চললেও ইথিওপিয়ায় কেবল ২০১৯ সাল শুরু হয়েছে। একই সঙ্গে দাবি করা হচ্ছে, দেশটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে ৭ থেকে ৮ বছর পিছিয়ে এবং প্রায় ১ হাজার ৫০০ বছরের পুরোনো নিজস্ব...
৩ দিন আগে