Ajker Patrika

ফ্যাক্টচেক /দিল্লির বিক্ষোভ ঘিরে আবর্জনা ফেলার দাবিতে ছড়ানো ভিডিওটি পানিপথের

ফ্যাক্টচেক ডেস্ক
দিল্লির বিক্ষোভ ঘিরে আবর্জনা ফেলার দাবিতে ছড়ানো ভিডিওটি পানিপথের
দিল্লিতে বিক্ষোভকারীদের বাধার মুখে ফেলতে রাস্তায় ময়লা ফেলার দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও সর্বভারতীয় ছাত্র সমিতিসহ (আইসা) বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে রাজধানী দিল্লিতে। এই বিক্ষোভ ঠেকাতে দিল্লি মেট্রোর একাধিক স্টেশন বন্ধ, ট্রেন বাতিল এবং ইন্টারনেট পরিষেবা স্থগিতসহ কঠোর পদক্ষেপ নেয় প্রশাসন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বিক্ষোভকারীদের পথরোধ করতে রাস্তায় আবর্জনা ও ময়লার স্তূপ ফেলে রাখা হয়েছে।

ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাশ দাবিটিকে সত্য মনে করে কমেন্ট করেছেন। আলোচিত দাবিতে প্রচারিত কয়েকটি পোস্ট রয়েছে এখানে , এখানে এবং এখানে ।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ভিডিওতে দেখা যায়, সড়কের মাঝখানে একটি বড় ডাম্পার ট্রাক থেকে ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলা হচ্ছে।

অনুসন্ধানে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে দিল্লির বিক্ষোভ ঘিরে নানা সংবাদ পাওয় গেলেও আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য বা খবর পাওয়া যায়নি।

পরে ছড়িয়ে পড়া ভিডিওর কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ভারতের সংবাদমাধ্যম ‘এবিপি লাইভ’-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। চলতি বছরের ১৭ আগস্ট হিন্দি ভাষায় প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যগত মিল পাওয়া যায়।

এবিপি লাইভ এবং অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
এবিপি লাইভ এবং অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

ওই প্রতিবেদনে বলা হয়, ১৭ আগস্ট নগরপালিকা কর্মচারী সংঘের ব্যানারে পরিচ্ছন্নতাকর্মীরা পানিপথের সংবিধান চৌকে জড়ো হন। তাঁরা ময়লাভর্তি একটি বড় ডাম্পার নিয়ে সেখানে গিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং ডাম্পারের ময়লা রাস্তায় ফেলে দেন। এতে রাস্তায় আবর্জনার স্তূপ তৈরি হয় এবং যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এরপর আন্দোলনকারীরা স্লোগান দিতে দিতে পৌর করপোরেশনের কার্যালয়ের দিকে যান।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, পরিচ্ছন্নতাকর্মী, নর্দমা পরিষ্কারের কাজে নিয়োজিত কর্মী ও অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা দীর্ঘদিনের বিভিন্ন দাবি পূরণের জন্য ধর্মঘট করছিলেন। কর্মীদের অভিযোগ, ১৩ মে ২০২৬ তারিখে রাজ্য সরকারের সঙ্গে তাঁদের একটি সমঝোতা হয়েছিল। কিন্তু সমঝোতার শর্তগুলো বাস্তবায়ন না হওয়ায় তাঁরা ৬ আগস্ট থেকে ধর্মঘট শুরু করেন এবং পরে তা ১৮ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।

আরও অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘আমার উজালা’র একটি ভিডিও প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। প্রকাশিত ওই ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে।

আজকের পত্রিকার তুলনাচিত্র
আজকের পত্রিকার তুলনাচিত্র

এছাড়াও, ভারতীয় গণমাধ্যম ‘আজতক’-এও ভিডিওটিকে হরিয়ানার পানিপথে পরিচ্ছন্নতাকর্মীদের আন্দোলনের দৃশ্য বলে প্রতিবেদন প্রকাশ করেছে।

সিদ্ধান্ত

দিল্লিতে ‘কাকরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভকারীদের থামাতে রাস্তায় ময়লা ফেলা হয়েছে—এমন দাবিটি সত্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত