
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ অমান্য করে এখনো নির্বাচনী এলাকায় অবস্থান করছেন কুমিল্লা-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে গত বুধবার স্থানীয় এমপি বাহারকে নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দেয় ইসি। কিন্তু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল ফোনে আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে বাহার জানান, তিনি কুমিল্লাতেই অবস্থান করছেন এবং এর কারণ হিসেবে নানা যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেন তিনি। তবে নৌকার মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, তা ঠিক নয় বলেও দাবি করেছেন।
এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের দায়ে বাহারকে এলাকা ছাড়তে ইসির দেওয়া নির্দেশনা নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, নিজের এলাকায় বাহার অত্যন্ত প্রভাবশালী। তাঁকে এলাকা ছাড়তে বলায় নির্বাচনী পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা রয়েছে।
এ ব্যাপারে কথা বলতে গতকাল বিকেল ৫টার দিকে সংসদ সদস্য বাহারের মোবাইল ফোনে কল দিলে সেটি রিসিভ করেন এক নারী। এমপি বাহার এখনো কুমিল্লায় অবস্থান করছেন কি না, জানতে চাইলে ওই নারী বলেন, ‘জি, তিনি কুমিল্লায় আছেন।’
এর আধঘণ্টা পর এই প্রতিবেদকের মোবাইল ফোনে কল ব্যাক করেন বাহার। ইসির নির্দেশনার পরও এলাকায় অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সংসদ সদস্যের বাইরে আমি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। এখানে আমার একটি দলীয় কার্যালয় আছে। এমপি হওয়ায় নানা কারণে এলাকার মানুষ আমার সঙ্গে দেখা করতে আসেন। সে জন্য আমাকে অফিসে বসতে হয়। এ জন্যই আমার এলাকায় থাকা।’
তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের মতো কোনো কাজ করেননি দাবি করে বাহার বলেন, ‘আমি এখনো কোনো নির্বাচনী প্রচারে অংশ নিইনি। ইসি একটা অভিযোগ পেয়ে আমাকে কিছু না বলেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।’
কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার শুরুর আগে থেকেই এমপি বাহারের বিরুদ্ধে এ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। তখন চিঠি দিয়ে বাহারকে সতর্ক করে ইসি। এ নিয়ে হাইকোর্টে রিট করেন তিনি। সেই রিটের পরিপ্রেক্ষিতে ইসির চিঠি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত বুধবার রুল জারি করেন হাইকোর্ট।সংসদ সদস্য বাহার বলেন, ‘নির্বাচনী আইনে সরকারের সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ কোনো কর্মকর্তা নির্বাচনী প্রচারে অংশ না নেওয়ার কথা রয়েছে। আমি তো নিজের খরচে চলি। আমার ড্রাইভার থেকে শুরু করে সবকিছু আমার নিজের খরচে। সরকার থেকে কোনো টাকা নিই না। আর আমি সরকারের লোক নই। আমি একজন মেম্বার অব পার্লামেন্ট। তাহলে আমি কেন নির্বাচনী প্রচারে অংশ নিতে পারব না?’
নির্দেশনার পরও বাহারের এলাকা ত্যাগ না করার বিষয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকা’কে বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু জানি না। তবে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে রিপোর্ট নিব আজ রাতেই।’
প্রার্থীরা যা বলছেন এদিকে সংসদ সদস্য বাহারকে দেওয়া ইসির নির্দেশনা নিয়ে গতকাল সরগরম ছিল ভোটের মাঠ। নির্বাচনী প্রচারে গিয়ে এ নির্দেশনার পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থীরা। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগের ভিত্তিতেই বাহারকে এলাকার ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি। গতকাল সকালে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌমুহনী এলাকায় গণসংযোগে গিয়ে সাক্কু বলেন, ‘এই সিদ্ধান্তে আমরা খুব খুশি। তবে নির্বাচনকে প্রভাবিত করার জন্য তিনি (বাহার) এখনো নির্বাচনী এলাকা থেকে একটু দূরে বৈঠক করেছেন।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
বিএনপি থেকে বহিষ্কৃত আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার গতকাল সকালে ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগে গিয়ে বলেন, ইসি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এমপি বাহার এখনো নিজ এলাকায় অবস্থান করছেন। তবে ইসির নির্দেশনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। গতকাল নগরীর টিক্কারচরে এক পথসভায় তিনি বলেন, ‘ইসির আদেশের বিরুদ্ধে বাহার ভাই রিট করেছেন। তিনি (বাহার) কেন নির্বাচনী প্রচারণায় থাকতে পারবেন না, সে ব্যাপারে ইসিকে জবাবদিহি করতে বলেছেন হাইকোর্ট। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাহার ভাই নির্বাচনী মাঠে থাকবেন।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫