Ajker Patrika

ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, দুর্ভোগে পরীক্ষার্থীরা

আজকের পত্রিকা ডেস্ক­
ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, দুর্ভোগে পরীক্ষার্থীরা
কালবৈশাখীতে ট্রান্সফরমারসহ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। গতকাল কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। ছবি: আজকের পত্রিকা

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ও ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ে ফসলের খেত, ঘরবাড়িসহ গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর বিদ্যুৎ না থাকায় বেশি দুর্ভোগে পড়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। কেন্দ্রে তাদের মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে।

গতকাল মঙ্গলবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কিশোরগঞ্জের নিকলী ও কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঝড়ে এসব ক্ষয়ক্ষতি হয়েছে বলে আজকের পত্রিকার সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানিয়েছেন।

মতলব উত্তর উপজেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কক্ষগুলোতে পর্যাপ্ত আলো ছিল না। এর সঙ্গে বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক পাখা বন্ধ হয়ে গুমোট পরিস্থিতির সৃষ্টি হয়, যা পরীক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

উপজেলার নিশ্চিন্তপুর স্কুল কেন্দ্রসচিব মো. আরিফুল্লা জানান, বৈরী আবহাওয়ায় কক্ষগুলো অন্ধকার হয়ে গিয়েছিল। পরে তাঁরা দ্রুত শতাধিক মোমবাতির ব্যবস্থা করেন, যাতে পরীক্ষা ব্যাহত না হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘আমরা সব কেন্দ্রসচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, যাতে কোনো অবস্থাতেই পরীক্ষা ব্যাহত না হয়। যেখানে বিদ্যুৎ সমস্যা রয়েছে, সেখানে বিকল্প আলোর ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।’

আখাউড়া উপজেলায় কালবৈশাখীতে বিভিন্ন এলাকার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। অনেক এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ আলম বলেন, ‘ঝড়ে আখাউড়ায় প্রায় ১০০ হেক্টর ধানখেত এবং ১০ হেক্টর অন্যান্য ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মাঠপর্যায়ের কর্মীরা ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছেন। কোথাও বড় ধরনের ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

হাওর উপজেলা নিকলীতে কালবৈশাখী ও ভারী বৃষ্টির কারণে এসএসসি ও দাখিল পরীক্ষা ১ ঘণ্টা বিলম্বে শুরু হয়েছে। এদিন সকাল ১০টায় সারা দেশে একযোগে পরীক্ষা শুরু হলেও এই উপজেলার তিনটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়।

সূত্রে জানা গেছে, ভোর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় হাওরের পরীক্ষার্থীরা বিপাকে পড়ে। যাতায়াতের প্রধান মাধ্যম নৌপথ হওয়ায় দূরবর্তী এলাকা থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বলেন, ‘হাওর এলাকার বাস্তবতা ও পরীক্ষার্থীদের যাতায়াতের সমস্যার কথা বিবেচনা করে শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে পরীক্ষা ১ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। সব পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছানোর পর সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

ব্রাহ্মণপাড়ায় টানা দুই দফা বৈশাখী ঝড় ও বজ্রপাতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়া, ট্রান্সফরমার নষ্ট, তার ছিঁড়ে যাওয়া, ক্রস আর্ম ভাঙা এবং লাইনের ওপর গাছ পড়ে উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভরপেট বিরিয়ানির পর তরমুজ, একে একে প্রাণ হারাল একই পরিবারের ৪ সদস্য

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

ইউনূস ভিভিআইপি এক বছরই, মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভিভিআইপি ৬ মাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত