Ajker Patrika

ঢাকায় রাতভর ৩৫ মিমি বৃষ্টি, আবহাওয়া আজ কেমন থাকবে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯: ২৫
ঢাকায় রাতভর ৩৫ মিমি বৃষ্টি, আবহাওয়া আজ কেমন থাকবে
ফাইল ছবি

কয়েক দিন ধরে ছিল ভ্যাপসা গরম। তবে সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে ঝরেছে ভারী বৃষ্টি। রাজধানী ঢাকায় রাতে শুরু এই বৃষ্টি থেমেছে আজ মঙ্গলবার ভোরবেলা, যার পরিমাণ ছিল ৩৫ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির এই ধারা আজ থাকতে পারে। দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা ছাড়াও দেশের ৮টি বিভাগের বিভিন্ন অঞ্চলে কম-বেশি বৃষ্টি হতে পারে। গতকাল সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বর্ষণ হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত