
প্রতিদিন সকালে দুর্গন্ধ নিয়ে ক্লাস শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের পাশেই বয়ে চলেছে দুর্গন্ধময় কালো পানিভর্তি ‘কাটাখাল’ নামের একটি খাল, যার উৎস ভারতের আগরতলা শহর। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে আসা ১২ কিলোমিটার দীর্ঘ এই খালের প্রায় আট কিলোমিটার বাংলাদেশে প্রবাহিত হয়ে মিশেছে তিতাস নদীতে। এই খালের একটি অংশকে বলা হয় আখাউড়া চ্যানেল।
বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা আখতার বলেন, ‘এই খালের পানির দুর্গন্ধের কারণে পড়ালেখায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। শিক্ষকেরা সব সময় সতর্ক থাকেন, যেন কোনো শিশু খালের ধারে না যায়।’ মার্কিন পরিবেশবিষয়ক গবেষণাধর্মী ওয়েবসাইট মঙ্গাবের একটি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রায় সারা বছরই খালে কালো পানি প্রবাহিত হয়। স্থানীয় কৃষক জান মিয়া ও নজরুল ইসলাম জানান, তাঁরা কখনো এই খালের পানি পরিষ্কার দেখেননি। বিশেষ করে, শুষ্ক মৌসুমে পানির অবস্থা আরও খারাপ হয়।
বলা হয়, ব্রিটিশ আমলে ত্রিপুরার রাজারা এই খাল বানিয়েছিলেন পণ্য পরিবহনের জন্য। তবে দেশভাগের পর বাণিজ্য বন্ধ হয়ে যায়, আর খালটি ধীরে ধীরে আগরতলার পৌর ও শিল্প বর্জ্যের নিষ্কাশনপথে পরিণত হয়। বাংলাদেশ সরকার বহুবার ভারতের সঙ্গে সীমান্ত আলোচনায় এই খালের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত বছর আগরতলার আখাউড়া রোড এলাকায় একটি বর্জ্য (দৈনিক ৮ মিলিয়ন লিটার ক্ষমতাসম্পন্ন) শোধনাগার চালুর খবর কিছুটা আশার সঞ্চার করলেও বাস্তবে সমস্যার কোনো সমাধান হয়নি।

বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর নিয়মিতভাবে কাটাখাল ও তিতাস নদীর পানির মান পরীক্ষা করে। সর্বশেষ এপ্রিল মাসের পরীক্ষায় দেখা যায়, পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা অনুমোদিত ৫ মিলিগ্রাম/লিটারের নিচে, আর বায়োকেমিক্যাল অক্সিজেন চাহিদা ও কেমিক্যাল অক্সিজেন চাহিদা যথাক্রমে ৩০ ও ৫০ মিলিগ্রাম/লিটার সীমা ছাড়িয়ে গেছে। চট্টগ্রামের পরীক্ষাগারে বিশ্লেষণ করা এই পানির নমুনা ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা।
আখাউড়ার প্রায় ১ হাজার ২০০ একর জমিতে কৃষিকাজ হয়, যার বেশির ভাগই দুই ফসলি জমি। শুষ্ক মৌসুমে বিকল্প পানির অভাবে কৃষকেরা বাধ্য হয়ে কাটাখালের দূষিত পানি ব্যবহার করছেন। ৩৩ বছরের কৃষক জাহেদ চৌধুরী বলেন, ‘এই পানি ব্যবহার করলে গায়ে চুলকানি হয়, কিন্তু বিকল্প না থাকায় এই পানিই ব্যবহার করি।’ ৫৩ বছর বয়সী মনু মিয়াও একই কথা বলেন। যদিও তাঁদের ধারণা, এই পানি ফসলের ওপর তেমন কোনো খারাপ প্রভাব ফেলে না।
কিন্তু বিশেষজ্ঞরা এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন। আগের কিছু পরীক্ষায় কাটাখালের পানিতে ক্যাডমিয়াম, সালফার, সিসা, ম্যাঙ্গানিজ ও ক্রোমিয়ামের মতো ক্ষতিকর ভারী ধাতু পাওয়া গেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘এই দূষিত পানি ব্যবহারে ধীরে ধীরে মাটি ও ফসলের মধ্যে বিষাক্ত উপাদান জমা হয়, যা মানবদেহে পৌঁছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।’

২০১৯ সালের একটি গবেষণায় দেখা গেছে, এই দূষিত পানিতে জন্মানো জলজ উদ্ভিদ, যেমন কচুরিপানা দুধ ও মাংসে সিসা ও দস্তার মতো ধাতু জমা করে। কিন্তু আখাউড়ার গরুচাষিরা কাটাখালের কচুরিপানাকেই পশুখাদ্য হিসেবে ব্যবহার করেন। এতে পশুর স্বাস্থ্য ও পরোক্ষভাবে মানুষের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আখাউড়ায় প্রতিদিনই কাটাখালসংলগ্ন এলাকা থেকে চর্মরোগে আক্রান্ত রোগী আসে বলে জানান আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিমেল খান। তাঁর মতে, চিকিৎসা দিলেও অনেক রোগী পুরোপুরি সুস্থ হয় না।
বাংলাদেশ ও ভারত দুই দেশই ১৯৯২ সালের জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন-সম্পর্কিত রিও ঘোষণার স্বাক্ষরকারী, যেখানে বলা হয়েছে, কোনো দেশ তার সীমান্তবর্তী দেশকে পরিবেশগতভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।
ভারতের ত্রিপুরা সরকার কাটাখাল ও কালাপানিয়া খাল থেকে আসা বর্জ্য শোধনের জন্য মোট ৩১.৫ মিলিয়ন লিটার দৈনিক ক্ষমতার চারটি বর্জ্য শোধনাগার নির্মাণ করছে। কাজটি মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তবে এখনো পুরোপুরি কার্যকর হয়নি।
বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘উভয় দেশের যৌথ নদী কমিশনের অধীনে আমরা এই সমস্যা সমাধানে আলোচনা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের পক্ষেও একটি বর্জ্য শোধনাগার স্থাপনের পরিকল্পনা করছি।’ তিনি আরও বলেন, ‘যত দিন না সীমান্তের ওপার থেকে দূষণ বন্ধ হচ্ছে, তত দিন আমাদের জনগণকে রক্ষা করতেই এ পদক্ষেপ জরুরি।’

অগ্নিনির্বাপক ফোমে ব্যবহৃত ক্ষতিকর ‘ফরএভার কেমিক্যালস’ বা চিরস্থায়ী রাসায়নিক দ্বারা পরিবেশ দূষণের অভিযোগে মার্কিন বহুজাতিক জায়ান্ট ৩এম-এর বিরুদ্ধে ঐতিহাসিক আইনি পদক্ষেপ গ্রহণ করেছে অস্ট্রেলিয়া সরকার। এই দূষণের ক্ষতিপূরণ হিসেবে কোম্পানিটির কাছে ২০০ কোটি অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১.৪৩ বিলিয়ন মার্কিন
২ দিন আগে
দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে খুলনা বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
৫ দিন আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এই ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা।
৫ দিন আগে
এখন গ্রীষ্মকাল। জ্যৈষ্ঠের মাঝামাঝি চলছে। দেশের কোথাও ঝরছে বৃষ্টি, কোনো এলাকা পুড়ছে গরমে। এই পরিস্থিতির মধ্যেই আসছে পবিত্র ঈদুল আজহা। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের দিনও আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
৫ দিন আগে