Ajker Patrika

প্রথম পর্বের অতিথি খুরশীদ আলম, দ্বিতীয় পর্বে আইয়ুব বাচ্চুকে স্মরণ

আর্টিস্ট ক্লাবের নতুন আয়োজন ‘আইকনিক টুইসডে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আর্টিস্ট ক্লাবের নতুন আয়োজন ‘আইকনিক টুইসডে’
খুরশীদ আলম। ছবি: সংগৃহীত

এ বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর্টিস্ট ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে প্রতি সপ্তাহে নিয়মিত সংগীতানুষ্ঠানের পাশাপাশি কবিতাসন্ধ্যা ও সাহিত্য-সংস্কৃতি নিয়ে আলোচনাসহ নানা ধরনের অনুষ্ঠান করছে আর্টিস্ট ক্লাব। এবার দেশের খ্যাতিমান শিল্পীদের নিয়ে ‘আইকনিক টুইসডে’ নামের অনুষ্ঠান আয়োজনের কথা জানাল ক্লাবটি। সপ্তাহের প্রতি মঙ্গলবার রাজধানীর বনানীতে অবস্থিত আর্টিস্ট ক্লাবে হবে এই আয়োজন। প্রথম পর্বের অতিথি হিসেবে থাকবেন সংগীতশিল্পী খুরশীদ আলম।

নতুন এই আয়োজনের খবরটি গতকাল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আর্টিস্ট ক্লাবের সভাপতি সুজিত মোস্তফা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আইকনিক টুইসডে নামে আমরা আর্টিস্ট ক্লাবে আরও একটি সাপ্তাহিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, যে অনুষ্ঠানে আমরা দেশের প্রথিতযশা সংগীতশিল্পী বা সংস্কৃতিকর্মীদের সঙ্গে বসব এবং তাঁদের সান্নিধ্য ও শিল্পকর্ম উপভোগ করব। প্রথম পর্বে থাকছেন খুরশীদ আলম। তাঁর ৮১তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটি ১১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আর্টিস্ট ক্লাব লাউঞ্জে আয়োজন করা হয়েছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

আইকনিক টুইসডে প্রসঙ্গে আজকের পত্রিকাকে সুজিত মোস্তফা বলেন, ‘আমাদের দেশের মিউজিক অঙ্গনে যাঁদের দীর্ঘদিনের কনট্রিবিউশন আছে এমন শিল্পীদের নিয়ে আয়োজন। যাঁরা আমাদের মাঝে আর নেই, তাঁদের স্মরণেও অনুষ্ঠান হবে। তাঁদের ট্রিবিউট করা হবে। প্রথম পর্বে আসবেন খুরশীদ আলম। সেখানে তাঁর গান গাইবেন বিভিন্ন শিল্পী। খুরশীদ আলম কিছুটা অসুস্থ। সুস্থ থাকলে তিনিও কয়েকটি গান গেয়ে শোনাবেন।’

সুজিত মোস্তফা জানিয়েছেন, আইকনিক টুইসডের দ্বিতীয় পর্বটি সাজানো হয়েছে প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে নিয়ে। ১৬ আগস্ট তাঁর জন্মদিন। এ উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন। আইয়ুব বাচ্চুর গান গাওয়ার পাশাপাশি তাঁকে নিয়ে স্মৃতিচারণা করবেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া। থাকবেন আরও কয়েকজন শিল্পী। শিগগির এই আয়োজন নিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আর্টিস্ট ক্লাবের ফেসবুক পেজে।

আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত
আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত

আর্টিস্ট ক্লাব নিয়ে সুজিত মোস্তফা বলেন, ‘শুধু সংগীত নয়, শিল্পের প্রতিটি সেক্টরের শিল্পীদের আর্টিস্ট ক্লাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। যদিও অর্থনৈতিকভাবে আমরা এখনো দুর্বল। আশা করছি একসময় সব অঙ্গনের সৃষ্টিশীল মানুষের পদচারণে ঝলমলে একটি জায়গা হবে আর্টিস্ট ক্লাব। সামাজিক উন্নয়নেও কাজ করার পরিকল্পনা আছে আমাদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত