
সম্প্রতি, ব্রিটেনে এক রেস্তোরাঁয় গান পরিবেশনের পর ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় জনপ্রিয় পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলী খানের দিকে ডিম ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও প্রকাশ করায় এবার ওই রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন গায়ক। তাঁর অভিযোগ, ঘটনাটির ভিডিও থাকা সত্ত্বেও শুরুতে তাঁকে জানানো হয়েছিল কোনো ফুটেজ নেই, অথচ সম্প্রতি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে গত ১৯ জুন। সেদিন ইংল্যান্ডের ব্ল্যাকবার্ন শহরের পাকিস্তানি রেস্তোরাঁ ‘পরাঠা স্টপ’-এ গান পরিবেশন শেষে বের হচ্ছিলেন চাহাত ফতেহ আলী খান। রেস্তোরাঁর নিরাপত্তাকর্মীরা তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি বাইরে দাঁড়ান। ঠিক তখনই মুখোশ পরা দুই ব্যক্তি এগিয়ে এসে তাঁর দিকে ডিম ছোড়ে। পরে, তাঁর মাথায়ও আঘাত করে তার। কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
চাহাত ফতেহ আলী খান জানান, ঘটনার পর তিনি পুলিশে অভিযোগ জানানোর কথা ভাবেন। সে সময় ঘটনার প্রমাণস্বরূপ ওই রেস্তোরাঁর কাছে ভিডিও চান তিনি। কিন্তু তখন তারা জানিয়েছিল, সিসিটিভিতে কিছু ধরা পড়েনি, কোনো কর্মীও ভিডিও করেননি।
অথচ গতকাল বৃহস্পতিবার ওই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওই ভিডিও প্রকাশ করে রেস্তোরাঁটি। যদিও তারা হামলাকারীদের ব্যাপারে তথ্যই চাচ্ছিল, তবু শুরুতে ভিডিও না থাকার কথা বলে এখন আবার ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন চাহাত ফতেহ আলী খান। রেস্তোরাঁর বিরুদ্ধে তিনি মামলা করবেন বলেও হুঁশিয়ারি দেন। হুমকি দেন ব্যবসা বন্ধ করে দেওয়ারও। তবে গায়কের অভিযোগ নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।
নিজের ইনস্টাগ্রাম রিলে গায়ক আরও অভিযোগ করেন, রেস্তোরাঁর মালিক এরুম ও ফায়েজ তাঁকে গান পরিবেশনের আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুষ্ঠান শেষে কর্মীরা ছবি তোলেন, তারপর নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাইরে ছবি তুলতে বলা হয়। সেখানেই হামলার শিকার হন তিনি।
ঘটনার পর থেকে একাধিক অজ্ঞাত নম্বর থেকে হুমকিমূলক ফোন পাচ্ছেন বলেও দাবি করেছেন চাহাত ফতেহ আলী খান। তিনি জানান, সব নম্বর লিখে রেখেছেন এবং কর্তৃপক্ষকে প্রমাণ হিসেবে জমা দেওয়ার পরিকল্পনা করেছেন।
এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা আহমেদ আলী বাট ও গায়ক আসিম আজহার। আহমেদ আলী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তাঁকে পছন্দ করুন বা না করুন, তিনি কখনো কাউকে অসম্মান করেননি। দুঃখের বিষয়, আমরা এমন এক মৃত সমাজে বাস করি, যেখানে ভিউ আর লাইকের জন্য যেকোনো কিছু করা হয়।’ অন্যদিকে আসিম আজহার বলেছেন, ‘এভাবে অশিক্ষিত মানুষদের রাস্তায় ঘুরতে দেখে লজ্জা লাগে। চাহাত ভাই, আপনি সবার মাঝে হাসি ছড়িয়ে যান—আপনার মতো মানুষের খুব অভাব।’

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে