Ajker Patrika

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র উৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র উৎসব
গাজী মাজহারুল আনোয়ার। ছবি: সংগৃহীত

গত সেপ্টেম্বরে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সেই আয়োজনের সফলতার ধারাবাহিকতায় এবার প্রখ্যাত গীতিকার, পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে নিয়েও একই ধরনের উৎসবের উদ্যোগ নিয়েছে বিএফডিসি।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানিয়েছেন, গাজী মাজহারুল আনোয়ারের জন্মমাস ফেব্রুয়ারিতে এই উৎসব অনুষ্ঠিত হবে।

তানি বলেন, ‘সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে খুব ছোট পরিসরে আয়োজন হলেও আমরা দারুণ সাড়া পেয়েছিলাম। আমাদের ইচ্ছা ছিল গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেলকে নিয়েও কিছু একটা করার। তিনি এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসতেন, সবকিছুকে মূল্যায়ন করতেন এবং এটাকে নিজের ঘর মনে করতেন। কিন্তু চলে যাওয়ার পর তাঁকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারিনি। তাঁর কাছ থেকে আমরা কেবল নিয়েই গেছি, ঘরের পক্ষ থেকে তেমন কিছু দিতে পারিনি।’

জানা গেছে, গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিনে রোজার মাস পড়ে যাওয়ায় তাঁর জন্মমাস ফেব্রুয়ারির শুরুর দিকে অনুষ্ঠানটি আয়োজিত হবে।

আয়োজনটি নিয়ে মাসুমা রহমান তানি বলেন, ‘আমরা ওনাকে নিয়ে চলচ্চিত্র উৎসব করব, ওনার যে কালজয়ী গানগুলো আছে, সেগুলোও রিক্রিয়েট করব। মূলত কিংবদন্তি এই ব্যক্তিত্বের কাজগুলো বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য। এই চর্চাটা আমাদের ইন্ডাস্ট্রিতে সব সময় থাকা উচিত। চলচ্চিত্রের গুণী মানুষদের যদি আমরা উপযুক্ত সম্মান দিতে পারি, তাহলে এ সময়ের শিল্পীরাও নিজেদের কাজের প্রতি আরও উদ্বুদ্ধ হবেন।’

বিএফডিসির এই উদ্যোগের সঙ্গে গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ার যুক্ত হয়েছেন বলেও জানিয়েছেন মাসুমা রহমান তানি।

উল্লেখ্য, জনপ্রিয় অনেক চলচ্চিত্রের গান ও কালজয়ী দেশাত্মবোধক গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার। ষাটের দশক থেকে তৎকালীন রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন তিনি। সুভাষ দত্তের ‘আয়না ও অবশিষ্ট’ সিনেমার ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ গান লেখার মাধ্যমে যুক্ত হন চলচ্চিত্রে। তাঁর রচিত গানের সংখ্যা ২০ হাজারের বেশি।

গীতিকার পরিচয়ের পাশাপাশি তিনি একজন সফল কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান দেশ চিত্রকথা থেকে ‘শাস্তি’, ‘স্বাধীন’, ‘শর্ত’, ‘সমর’, ‘উল্কা’, ‘আম্মা’, ‘পরাধীন’, ‘আর্তনাদ’, ‘পাষাণের প্রেম’, ‘এই যে দুনিয়া’সহ অনেক সিনেমা প্রযোজনা ও পরিচালনা করেছেন। ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করা প্রখ্যাত এই চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রয়াত হন ২০২২ সালের ৪ সেপ্টেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত