Ajker Patrika

পল ম্যাককার্টনি এখন বিলিয়নিয়ার

বিনোদন ডেস্ক
পল ম্যাককার্টনি এখন বিলিয়নিয়ার
পল ম্যাককার্টনি

পল ম্যাককার্টনি এখন বিলিয়নিয়ার। মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য বিটলস’খ্যাত এই ব্রিটিশ সংগীতশিল্পীর মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। এই বিপুল সম্পদ নিয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী সংগীতশিল্পী হিসেবে বিলিয়নিয়ারদের তালিকায় জায়গা করে নিয়েছেন ৮৪ বছর বয়সী এই রকস্টার।

এ তালিকায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার নিয়ে শীর্ষে আছেন র‍্যাপার জে-জি এবং ২ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন টেইলর সুইফট।

ফোর্বসের নিউজলেটার দ্য বিলিতে পল ম্যাককার্টনির সম্পদের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, ম্যাককার্টনির এই বিশাল সম্পদের মূল উৎস তাঁর নিজস্ব মিউজিক ক্যাটালগ, প্রকাশনা স্বত্ব, কনসার্ট ট্যুর এবং মহামূল্যবান শিল্পকর্মের সংগ্রহ।

লিভারপুলের এক শ্রমজীবী পরিবারে বেড়ে ওঠা ম্যাককার্টনি ছোটবেলা থেকেই অর্থের অভাব খুব কাছ থেকে দেখেছেন। দ্য বিটলস ব্যান্ড যখন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়, তখনো আর্থিকভাবে খুব একটা লাভবান হননি তাঁরা। চুক্তির শর্ত অনুযায়ী প্রতি অ্যালবাম বিক্রির জন্য তাঁরা পেতেন এক পেনিরও কম। তাঁদের সেই চুক্তিকে পরে ‘দাস চুক্তি’ আখ্যা দিয়েছিলেন ম্যাককার্টনি। সেই হতাশা থেকেই ১৯৬৯ সালে তিনি নিজের প্রকাশনা কোম্পানি এমপিএল কমিউনিকেশনস প্রতিষ্ঠা করেন।

নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের গানের প্রকাশনা স্বত্বও কিনে নিতে শুরু করেন ম্যাককার্টনি। বাডি হলির মতো কিংবদন্তির গান, ব্রডওয়ে মিউজিক্যাল স্কোর এবং বড়দিনের জনপ্রিয় গানগুলো এখন তাঁরই কোম্পানির দখলে। ফোর্বসের মতে, এই কোম্পানির বর্তমান বাজারমূল্য অন্তত ২৫০ মিলিয়ন ডলার।

এর বাইরে দ্য বিটলসের হোল্ডিং কোম্পানি অ্যাপল করপস থেকেও বছরে বড় অঙ্কের আয় করেন তিনি। মিউজিক স্ট্রিমিং, ভিনাইল রেকর্ড বিক্রি ও মার্চেন্ডাইজ থেকে কোম্পানিটি বছরে প্রায় ৫০ মিলিয়ন ডলার আয় করে, বিটলসের চার সদস্যের একজন হিসেবে যার ২৫ শতাংশ পান ম্যাককার্টনি। ফোর্বসের প্রাক্কলন অনুযায়ী, এই আয়ের উৎসের মূল্য অন্তত ১৫০ মিলিয়ন ডলার। পাশাপাশি নিজের লেখা বিটলসের গানের স্বত্ব ফিরে পেতে দুই দশকের আইনি লড়াই শেষে তিনি সফল হয়েছেন, যা থেকে তাঁর বছরে আয় হয় ১০ মিলিয়ন ডলার। এই স্বত্বের বর্তমান বাজারমূল্য অন্তত ২০০ মিলিয়ন ডলার।

পল ম্যাককার্টনির সম্পদের তালিকায় আরও যুক্ত আছে বিশ্বজুড়ে করা কনসার্ট ট্যুর থেকে পাওয়া অর্থ। এর মধ্যে সবচেয়ে সাম্প্রতিক হলো ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত চলা ৭৯টি শোয়ের ‘গট ব্যাক’ ওয়ার্ল্ড ট্যুরের আয়। এ ছাড়া যুক্তরাজ্য ও হ্যাম্পটনসে বিলাসবহুল রিয়েল এস্টেট এবং পাবলো পিকাসো ও রেনে ম্যাগ্রিটের মতো বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের সংগ্রহও তাঁকে এই বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করতে সাহায্য করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত