
‘হাওয়া’ দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয় মেজবাউর রহমান সুমনের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন—দুই জায়গায়ই দর্শক ভিড় করেছেন দেখার জন্য। তিন বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন সুমন। নাম ‘রইদ’।
গত বছর রইদ সিনেমার শুটিং শুরু করেছিলেন সুমন। অভিনয় করছেন মোস্তাফিজ নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েতসহ অনেকে। তবে নির্মাতা এ নিয়ে কোনো মন্তব্য করেননি তখন। জানিয়েছিলেন, সবকিছু জানানো হবে আনুষ্ঠানিকভাবে। অবশেষে আজ মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রেলার প্রকাশ করে ঘোষণা দেওয়া হলো রইদ সিনেমার। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে সিনেমাটির। এরপর মুক্তি দেওয়া হবে দেশের হলে।
মেজবাউর রহমান সুমন বলেন, ‘৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যামে টাইগার প্রতিযোগিতায় (মূল প্রতিযোগিতা) বিশ্ব প্রিমিয়ার হবে আমাদের রইদ সিনেমার। প্রথমবারের মতো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে আইএফএফআরের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মাধ্যমে রইদ সারা বিশ্বের আমন্ত্রিত গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর সঙ্গে টাইগার সেকশনে প্রতিযোগিতা করবে মর্যাদাপূর্ণ টাইগার অ্যাওয়ার্ডের জন্য। আমরা আইএফএফআর, সম্মানিত নির্বাচন কমিটি, স্টেফান বোরসোস এবং উৎসবের সঙ্গে জড়িত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এনএফডিসি ফিল্ম বাজার কো-প্রোডাকশন মার্কেটের সঙ্গে যুক্ত সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাত্রা করার পর সিনেমাটি শিগগির সিনেমা হলে মুক্তি পাবে।’
সিনেমার গল্প নিয়ে সুমন বলেন, ‘সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছি। আমরা সেই হাজার বছরের পুরোনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি—তবে সময়ের বর্তমানে নয়, বরং অনুভূতির বর্তমানে। এই ছবির প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।’

রইদের গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। শুটিং হয়েছে সিলেটের সুনামগঞ্জে। জানা গেছে, এই সিনেমা দিয়ে অনেক অভিনয়শিল্পী প্রথমবার দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। সিনেমার জন্য তৈরি করতে তাঁদের নিয়ে ছয় মাসের ওয়ার্কশপ করা হয়েছে।
চার বছর আগেই রইদ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সুমন। সে সময় সিনেমাটি প্রযোজনার কথা ছিল অভিনেত্রী জয়া আহসানের। ২০২০-২১ অর্থবছরে সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন জয়া। তবে সময়মতো সিনেমার কাজ শুরু করতে না পারায় চলতি বছরের শুরুতে অনুদানের টাকা ফেরত দিয়েছিলেন তিনি।
অনুদানের টাকা ফেরত দিলেও নতুন আয়োজনে রইদ নির্মাণ করবেন বলে জানিয়েছিলেন সুমন। কথা রেখেছেন হাওয়াখ্যাত এই নির্মাতা। তবে বদলে গেছে প্রযোজক। সিনেমাটি প্রযোজনা করেছে বঙ্গ, সহপ্রযোজনায় আছে ফেসকার্ড প্রোডাকশন।

৭৯তম কান চলচ্চিত্র উৎসব আগামী ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’।
১ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই জানা যাবে কার মাথায় উঠছে এবারের ‘লাক্স সুপার স্টার’-এর মুকুট। কিন্তু জমকালো এই গ্র্যান্ড গালার ঠিক আগমুহূর্তে ঘটল এক বিপত্তি। আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই ট্রফিটি পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছে শাকিব খান অভিনীত রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত নেই। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। অনেকে ধারণা করছেন, ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া...
৫ ঘণ্টা আগে
অবশেষে শুরু হলো ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলী স্ট্যান্ডের একটি ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন, কলকাতার ইডেন গার্ডেন্সে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।
৬ ঘণ্টা আগে