Ajker Patrika

‘অতল’ নিয়ে মস্কো চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন যুবরাজ শামীম

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘অতল’ নিয়ে মস্কো চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন যুবরাজ শামীম
যুবরাজ শামীম। ছবি: সংগৃহীত

২০২২ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে প্রিমিয়ার হয় যুবরাজ শামীমের প্রথম সিনেমা ‘আদিম’। প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়ে প্রশংসা কুড়ায় সিনেমাটি। শুধু প্রশংসা নয়, ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’সহ ‘নেটপ্যাক সম্মাননা’ও জিতে নেন আদিম সিনেমার নির্মাতা যুবরাজ শামীম।

চার বছর পর এই নির্মাতার দ্বিতীয় সিনেমাটিও প্রিমিয়ার হচ্ছে মস্কো চলচ্চিত্র উৎসবে। উৎসবের ৪৮তম আসরে প্রতিযোগিতা শাখার বাইরে ‘অ্যাপক্যালিপসি নাউ’ সেকশনে মনোনীত হয়েছে যুবরাজের ‘অতল’। ইংরেজিতে সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘ইন বিটুয়িন লিভিং’। এই বিভাগে আরও রয়েছে ভারতের ‘বিসর্জন’, রাশিয়ার ‘কোরাল বিডস’, ও ‘সেকেন্ড টু জিরো’ এবং চীনের ‘ব্রোকেন স্পেয়ার’।

অতল সিনেমায় অস্তিত্ব সংকটে ভোগা একজন মানুষের মনস্তত্ত্ব ভিজ্যুয়াল করার চেষ্টা করেছেন নির্মাতা। যুবরাজ শামীম বলেন, ‘একজন মানুষ যার প্রায়ই মনে হয় সে মৃত্যু-পরবর্তী জীবন পার করছেন কিংবা অন্যের অসমাপ্ত জীবন কাটাচ্ছেন। যেখানে সময়, তাঁর চারপাশের চরিত্রগুলো—সব থমকে আছে। সেটাই অতল সিনেমায় পোট্রে করার চেষ্টা করেছি।’

যুবরাজ শামীমের প্রযোজনা প্রতিষ্ঠান দরবার শরীফ প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা অতল। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাঈম তুষার। যিনি পেশায় একজন ফটোগ্রাফার। অভিনয়ের পাশাপাশি এই সিনেমার সিনেমাটোগ্রাফিও করেছেন তুষার।

মস্কো উৎসবে অতলের প্রিমিয়ার প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘আমি যেবার (২০২৩) মস্কোতে জুরি হিসেবে গেলাম, সেই বছর মস্কো উৎসবের প্রোগ্রাম ডিরেক্টর ইভান কুদ্রিয়াভৎসেভ আমাকে বলেন, “যখন একজন মা সুন্দর একটা গল্প বলেন তখন সন্তানেরা মায়ের পরের গল্পটা শোনার জন্য অপেক্ষা করে। আমরা তেমনই আপনার পরের সিনেমার জন্য অপেক্ষা করছি।” ইভানের কথায় আমি আপ্লুত হলেও ভেবেছিলাম পরের সিনেমাটি নতুন কোনো উৎসবে প্রিমিয়ার করব। কিন্তু কী আশ্চর্য! অতল সিনেমাটি ইফিসহ (গোয়া) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসবে সিলেক্টেড হলেও আমি বেটার ফেস্টিভ্যালের আশায় তা রিজেক্ট করি। কারণ, ইউরোপের বড় দুটি ফেস্টিভ্যাল সিনেমাটি কনসিডারেশনে রেখেছিল, যদিও শেষমেশ কোনোটাই হয় নাই। এরপর মস্কোতেও সিলেক্ট হওয়ার পর ব্যক্তিগত জটিলতায় আমি রিজেক্ট করার সিদ্ধান্ত নিই, ওদেরকে মেইলও পাঠাই! কিন্তু তারা সিনেমাটিকে অফিশিয়ালি রিজেক্ট করল না। বুঝতে পারলাম মস্কোই অতলের গন্তব্য!’

১৬ এপ্রিল শুরু হবে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শেষ হবে ২৩ এপ্রিল। যুবরাজ জানান, উৎসবে যোগ দিতে তিনি এবং নাঈম তুষার ১৬ এপ্রিল মস্কোর উদ্দেশে রওনা দেবেন। ১৯ এপ্রিল উৎসবে প্রদর্শিত হবে অতল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা

কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-আগুন, আস্তানাপ্রধান নিহত

ঘণ্টায় ২৫০০০ মাইল বেগ, ৫০০০ ডিগ্রি তাপ সহ্য করে যেভাবে নিরাপদে অবতরণ নভোচারীদের

খলিলুর রহমান-জয়শঙ্কর বৈঠক: শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত