Ajker Patrika

নভেম্বরে আসছে ‘ব্লেড রানার’-এর প্রথম সিরিজ

বিনোদন ডেস্ক
নভেম্বরে আসছে ‘ব্লেড রানার’-এর প্রথম সিরিজ
‘ব্লেড রানার ২০৯৯’ সিরিজের পোস্টার

সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সিনেমার দুনিয়ায় কালজয়ী নাম ‘ব্লেড রানার’। এর মূল বিষয়বস্তু হলো রেপ্লিক্যান্ট বা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম মানব, যারা দেখতে হুবহু মানুষের মতো কিন্তু মানুষের চেয়েও শক্তিশালী। এদের মাঝে অবাধ্যদের খুঁজে বের করে ধ্বংস করার দায়িত্বে থাকা পুলিশ বা শিকারি রেপ্লিক্যান্টদের বলা হয় ব্লেড রানার।

১৯৮২ সালে রিডলি স্কট বানিয়েছিলেন ‘ব্লেড রানার’ সিনেমা। ২০১৭ সালে মুক্তি পায় এর পরের পর্ব ‘ব্লেড রানার ২০৪৯’। গল্পটিকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবার আসছে এর প্রথম লাইভ-অ্যাকশন টিভি সিরিজ ‘ব্লেড রানার ২০৯৯’। সম্প্রতি নিউইয়র্ক কমিক কনে আট পর্বের এই লিমিটেড সিরিজের ট্রেলার প্রকাশ করেছে প্রাইম ভিডিও।

আগামী ২৫ নভেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ব্লেড রানার ২০৯৯ সিরিজটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়ো ও হান্টার শেফার।

নতুন সিরিজের গল্প এগিয়েছে আগের সিনেমার ঘটনার ঠিক ৫০ বছর পর। ট্রেলারে রেপ্লিক্যান্টদের বিদ্রোহ-পরবর্তী লস অ্যাঞ্জেলেসের নতুন রূপ দেখা গেছে। শহরটিতে এখন ক্ষমতার পালাবদল ঘটেছে, রেপ্লিক্যান্টরাই এখন শাসক আর মানুষেরা পরিণত হয়েছে দ্বিতীয় শ্রেণির নাগরিকে।

গল্পের কেন্দ্রে রয়েছে কোরা (হান্টার শেফার) নামের এক তরুণী। পুলিশের তাড়া খেয়ে আত্মগোপনের শেষ চেষ্টা হিসেবে সে একজন ব্লেড রানারের ছদ্মবেশ ধারণ করে। এরপর কোরা বাধ্য হয়ে ওলওয়েন নামের মৃতপ্রায় এক কৃত্রিম মানবের সঙ্গে জুটি বাঁধে। তাদের লক্ষ্য একদল বিদ্রোহী পলাতক রেপ্লিক্যান্টকে খুঁজে বের করা, যাদের কাছে লুকিয়ে আছে এমন এক গোপন রহস্য, যা পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে।

নতুন এই সিরিজের স্রষ্টা ও শো-রানার হিসেবে আছেন সিলকা লুইসা। কালজয়ী এই ফ্র্যাঞ্চাইজির মূল নির্মাতা রিডলি স্কট যুক্ত আছেন নির্বাহী প্রযোজক হিসেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত