Ajker Patrika

সিরিজের পর ‘পঞ্চায়েত’ নিয়ে সিনেমার পরিকল্পনা

বিনোদন ডেস্ক
সিরিজের পর ‘পঞ্চায়েত’ নিয়ে সিনেমার পরিকল্পনা

ওয়েব সিরিজ থেকে সিনেমায় এসে বড় সাফল্য পেয়েছে ‘মির্জাপুর’। আলোচিত এই সিরিজ তিন সিজন পার করে চলতি বছরই বড় পর্দায় এসেছে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’ নামে। বিশ্বব্যাপী আয় করেছে ৩৪০ কোটি রুপির বেশি। এবার একই পথে হাঁটার পরিকল্পনা করছে ‘পঞ্চায়েত’। প্রাইম ভিডিওর জনপ্রিয় এই কমেডি সিরিজ অবলম্বনে সিনেমা বানানোর পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা।

গত সোমবার সিরিজটির পঞ্চম সিজনের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ভাইরাল ফিভারের (টিভিএফ) প্রেসিডেন্ট বিজয় কোশি। তিনি জানান, শুরুতে সিনেমা হিসেবেই পঞ্চায়েতের পরিকল্পনা করা হয়েছিল। তবে সে সময় পর্যাপ্ত লগ্নি না পাওয়ায় তা আর হয়ে ওঠেনি।

অনুষ্ঠানে বিজয় কোশি স্পষ্ট করেন, অন্য কোনো ওয়েব সিরিজের সিনেমা হওয়ার সাফল্য দেখে নয়, বরং শুরু থেকে তাঁদের লক্ষ্য ছিল বড় পর্দা। তাঁর ভাষায়, ‘প্রত্যেক নির্মাতার চূড়ান্ত গন্তব্য বড় পর্দা। ২০১৬ সাল থেকে আমরা পঞ্চায়েতকে সিনেমা হলে মুক্তি দিতে চেয়েছি।’

তবে সিনেমা করার চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন এই প্রযোজক। তিনি বলেন, ‘বড় পর্দাতেই আসল পরীক্ষা হয়। প্রায় ৫০ বছর কাজের পর আজও নীনা জি (নীনা গুপ্তা) নার্ভাস থাকেন। অনেক সময় আমরা ভাবি সব ঠিকঠাক করেছি, কিন্তু দিন শেষে দর্শকেরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবু আমাদের স্বপ্ন আছে একে বড় পর্দায় নিয়ে যাওয়ার। আশা করি, পুরো টিমই এই স্বপ্নের অংশ হবে এবং একদিন আমরা সিনেমা হলে পঞ্চায়েত দেখতে পাব।’

এদিকে আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে পঞ্চায়েতের পঞ্চম সিজন। এতে আবারও ফিরছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, সানভিকা, ফয়সাল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার, অশোক পাঠক প্রমুখ।

দীপক কুমার মিশ্র পরিচালিত পঞ্চায়েতের নতুন সিজনের ট্রেলারে উঠে এসেছে ফুলেরা গ্রামের রাজনীতির নতুন অধ্যায়। ট্রেলারে দেখা গেছে, নেতৃত্বের পরিবর্তন হলেও গ্রামে শান্তি ফেরেনি। নির্বাচনে পরাজয়ের পর নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে ব্রিজ ভূষণ দুবে।

অন্যদিকে স্বস্তিতে নেই সচিবও। নতুন নেতৃত্বের অধীনে বৈরী পরিবেশে কাজ চালিয়ে যেতে হচ্ছে তাকে। এরই মধ্যে রিঙ্কির সঙ্গে তার প্রেমের সম্পর্কেও আসছে অপ্রত্যাশিত মোড়। ট্রেলারে দুজনের সম্পর্কের নতুন টুইস্টের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত